নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের দারুন সাফল্য পাওয়ায় কেক কেটে উদযাপন করেছেন বিসিবির কোচ ও নির্বাচকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির ছোট্ট পরিসরের উদযাপন সাফল্যের পেছনের মানুষদের নিয়ে।
যে কোন দলের পারফরম্যান্সের দেখভালের দায়িত্বে থাকেন কোচরা আর দল নির্বাচনের দায়িত্ব পালন করেন নির্বাচকরা। ক্রিকেটাররা ভালো করার পেছনে অবদান থাকে কোচ-নির্বাচকদের।
দল খারাপ করলে সমালোচনার তুঙ্গে থাকতে হয় নির্বাচক ও কোচদের। আবার দলের সাফল্যে তাদের উদযাপনও সাজে। তাই কোচ-নির্বাচকদের নিয়ে ৪-১ ব্যবধানে টি টুয়েন্টি সিরিজ জয় উদযাপন করেছে ক্রিকেট অপারেশন্স কমিটি।
আকরাম জানালেন, ডমিঙ্গো-নান্নুদের নিয়ে এমন উদযাপন আরও করতে চান তিনি। আকরাম বলেন, ‘ছোট্ট একটা কেক কেটে উদযাপন করলাম। ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। এটাও এর মধ্যে গুরুত্বপূর্ণ এক অর্জন। খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করছে, আশা করি ভবিষ্যতে কেক কাটার আরও অনেক সুযোগ পাব।’
আকরাম আরও বলেন, ‘আমাদের তো প্রায়ই মিটিং হয়। আগের মত সরাসরি মিটিং করতে পারি না বায়োবাবলের জন্য। এখন সুযোগ পেয়েছি। এই সাফল্যের পেছনে ওদের অবদানও তো অনেক বেশি। বিশেষ করে নির্বাচক, এডমিনিস্ট্রেশন- ওরা প্রচুর কাজ করে, আমরা দেখি না, মূল্যায়ন করি না।’
আকরাম জানান, ২৪ আগস্ট নিউজিল্যান্ড সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তার আগপর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সাকিব-রিয়াদরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কোচিং প্যানেলের সব কোচকেই অনুশীলনে পাবে টাইগাররা।
