নিউজিল্যান্ডকেও একই পরিবেশ দেওয়ার চেষ্টা থাকবে- সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌চলতি মাসের শেষ দিকে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও একই ধরণের প্রটোকল দেওয়ার প্রচেষ্টা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

 

‌বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যার কারনে বাংলাদেশে পৌছে এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে উঠেছিল তারা। তবে সেই সুবিধা পুরোপুরি পাবে না নিউজিল্যান্ড। বাণিজ্যিক ফ্লাইটে বাংলাদেশে আসার ফলে ইমিগ্রেশনের নিয়ম-কানুনের মধ্য দিয়ে যেতে হবে তাদের। তবে বায়োবাবলে প্রবেশ করার পর তাদেরকেও একই ধরণের প্রটোকল দিতে চায় বিসিবি।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী বলেন, “নিউজিল্যান্ড দল বাণিজ্যিক ফ্লাইটে আসছে, তাদের ক্ষেত্রে ঐ বিষয়গুলো প্রযোজ্য হবে। তারপরেও আমাদের চেষ্টা থাকবে যত কম মানুষের সংস্পর্শে এনে তাদের হোটেলে নিয়ে আসা যায়।”

“যেহেতু টানা দুইটি সিরিজ হচ্ছে, তাদের চাহিদা তো থাকবেই যে অস্ট্রেলিয়াকে যে ধরণের পরিবেশ দেওয়া হয়েছে তাদেরকেও যেন তেমনটা দেওয়া হয়। আমাদের চেষ্টা থাকবে যতটুকু এ বিষয়টাকে নিশ্চিত করা যায়। আর এই নিরাপত্তাটা কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা বিদেশি দলগুলোর না, আমাদের খেলোয়াড়দেরও।”

 

‌হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছিল টিম অস্ট্রেলিয়া। তাদের শর্ত অনুসারে ঐ হোটেলে দুই দলের ক্রিকেটার এবং স্টাফ ছাড়া ছিল না আর কেউ। নিউজিল্যান্ড সিরিজেও হতে পারে এমন। ইতোমধ্যেই করোনাভাইরাস পণ্ড করেছে বেশ কিছু টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক সিরিজ। করোনাভাইরাস থেকে দুই দলের ক্রিকেটারদের নিরাপদ রাখতে কঠোর বায়োবাবল নিশ্চিত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »