নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টিয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অজিদের বিপক্ষে ব্যাটে-বলে অসাধারণ একটি সিরিজ কাটিয়েছেন সাকিব, হয়েছেন সিরিজ সেরা। সদ্য প্রকাশিত আইসিসির টি-টুয়েন্টির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান।
আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নবীকে টপকে এই মুহুর্তে আইসিসির টি-টুয়েন্টি সেরা অলরাউন্ডার বাংলার পোস্টারবয় সাকিব আল হাসান। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী নবীর চেয়েও ১ রেটিং এগিয়ে থেকে শীর্ষস্থানে ফিরেছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিবের রেটিং ছিল ২৫২ এবং অবস্থান ছিল দ্বিতীয়। অজিদের বিপক্ষে পুরো সিরিজ জুড়ে ব্যাটে-বলে বাজিমাত করে লুপে নিয়েছেন ৩৬ রেটিং। যার ফলে মোহাম্মাদ নবীকে টপকে আবারো বসেছেন সিংহাসনে।
শুধু অলরাউন্ডার র্যাঙ্কিংয়েই নয়, বোলিং র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন সাকিব। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে ১৯তম স্থান হতে উঠে এসেছেন ১২তম স্থানে।
