নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রাদুর্ভাবে ক্রিকেটারদের মানসিকভাবে সচল রাখতেই কেবল বাংলাদেশ ও পাকিস্তান সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)।টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসছেন না কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও টিম সাউদির মতো তারকা ক্রিকেটাররা।
আসন্ন দুটি সিরিজে প্রথম সারির ক্রিকেটাররা না থাকায় প্রথমবারের মতো নিউজিল্যান্ডের দলে ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কল ম্যাকনকি। প্রধান কোচ গ্যারি স্টেডের এক বার্তায় এমন খবর পেয়ে বেশ রোমাঞ্চিত ২৯ বছর বয়সি এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে ম্যাকনকি বলেন, ‘আমি আসলে গলফ কোর্সে ছিলাম, তখন গ্যারির (স্টেড) নাম্বার থেকে ফোন পেলাম। আমি তখন ভাবছিলাম, মনে হয় কোনো ভালো বা খারাপ খবর পাব। তার কাছ থেকে কল পাওয়াটা সত্যিই সম্মানের এবং আমার নিজের ও পরিবারের জন্য দারুণ খবর সেটি।’
তিনি আরও বলেন, ‘তখনই আমি আমার স্ত্রী সারাহকে ফোন করে জানাই। এরপর বাবা-মাকে জানিয়েছি আমি। সত্যিই এটি স্পেশাল একটা ফোন কল ছিল। ছেলেবেলার স্বপ্ন ছিল এটি, তা পূরণ হলো। সত্যিই এটি বিশেষ মুহূর্ত।’
অফ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ম্যাকনকি। ২০২০-২১ মৌসুমে টি-টোয়েন্টি সুপার স্ম্যাশে ১১ ইনিংসে ১২০.১৬ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেছিলেন। যেখানে তিনি টুর্নামেন্টটির পঞ্চম রান সংগ্রাহক ছিলেন এই অলরাউন্ডার। এদিকে পুরো টুর্নামেন্টে ৭.৪০ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি।
এবারের আসরে ২৫ ওভারের বেশি বল করেছে এমন বোলারদের তালিকায় তাঁর ইকোনমি রেট তৃতীয়। তাঁর চেয়ে ভালো ইকোনমি রেটে বোলিং করেছেন ওটাগোর রিস্ট স্পিনার মাইকেল রিপন ও ক্যান্টারবুরির সতীর্থ টড অ্যাস্টল। এদিকে ম্যাকনকির অধীনে গেল মৌসুমে দুটি শিরোপা জিতেছে ক্যান্টারবুরি।
