নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য তরুন খেলোয়াড়দের নিয়ে দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত দলে নিউজিল্যান্ডের অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটাররা না থাকলেও তা বাংলাদেশের মাথা ঘামানোর বিষয় নয় বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
একইসাথে বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের দলে জায়গা পাননি দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া কোনো ক্রিকেটার। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। নানা আলোচনা -সমালোচনা হলেও বিসিবি প্রধান নির্বাচক অবশ্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবনায় মশগুল।বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ভালো করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
নান্নু বলেন, ‘তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ওরা কাকে পাঠাচ্ছে এটা দেখার বিষয় নয়। আমরা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে উপস্থাপন করছি এটাই গুরুত্বপূর্ণ। নামটা কিন্তু নিউজিল্যান্ড, জাতীয় দলই আসছে। আমাদের সেরা খেলাটা খেলতে চাই।’
‘কে আসছে কে আসছে না এটা দেখার বিষয় নয়। এই দলে যারা আছে তারাও অনেক অভিজ্ঞ। অনেক খেলোয়াড়ের টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’
প্রতিপক্ষ যেমন সিনিয়র খেলোয়ারের ছাড়াই খেলছে, তেমনি বাংলাদেশ দলও সিনিয়র খেলোয়ারদের ছাড়াই প্রতিপক্ষের বিপক্ষে সফল হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল সামলেছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। পারফরম্যান্স দিয়ে খুশি করায় তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে নির্বাচকদের। নান্নুর প্রত্যাশা, আফিফ-শামীমরা দলে জায়গা ধরে রাখার জন্য নিংড়ে দেবেন নিজেদের।
তিনি বলেন, ‘অভিজ্ঞতার সাথে তো ক্রিকেটে কোনো কম্প্রোমাইজ নেই। খেলোয়াড়ের সংখ্যা বেশি হলে প্রতিযোগিতা বেশি থাকে, দলে ভারসাম্য থাকে। দলও গঠন করতে হয় অভিজ্ঞ ও তারুণ্য দিয়ে। যে যখন সুযোগ পাবে, সুযোগ কাজে লাগাতে হবে। তরুণদের লম্বা রেসের মধ্যে থাকতে হবে। জাতীয় দলে অনেকদিন খেলা বিরাট ব্যাপার। তাই যারা সুযোগ পেয়েছে তাদের জায়গা ধরে রাখতে হবে। অভিজ্ঞদের সাথে থেকে যেন ওরাও অভিজ্ঞ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
‘এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে আমরা ভালো করব। এই দুই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’– বলেন তিনি
