সাকিবের পারফর্মমেন্সে মুগ্ধ বেভান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনবদ্য এই সাফল্যে দেশ বিদেশের সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা জানাচ্ছেন প্রশংসা। এরই মধ্যে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ফিনিশার মাইকেল বেভান।বাংলাদেশের পারফরম্যান্সকে সাধুবাদ জানিয়েছেন বেভান। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশার মনে করেন এই সিরিজে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হতবাক করে দিয়েছে।

বেভান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য দারুণ একটি সিরিজ হয়েছে। তারা অজিদের হতবাক করে দিয়েছে। আমি এখনও বুঝে উঠতে পারছি না অজিদের পারফরম্যান্স নিয়ে কি বলবো। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে সফলভাবে নিজেদের সুবিধা কাজে লাগানোর জন্য।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের কাচগে এমন হারে অজিদের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় আছেন এই ফিনিশার। এমন হার অস্ট্রেলিয়া দলের জন্য বড় একটি বার্তা বলেও মনে করেন বেভান। তিনি মনে করেন নির্বাচকদের এ নিয়ে ভাবতে হবে। তার ভাষ্য, ‘সামনে এগোতে হলে অস্ট্রেলিয়ার নির্বাচকদের বেশকিছু ব্যাপার নিয়ে ভাবতে হবে।’

একমাত্র ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিবকেও শুভেচ্ছা জানিয়েছেন বেভান। সাবেক এই অজি ব্যাটসম্যান বলেন, ‘সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছে এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে দারুণ পারফরম্যান্স করে।’

অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৬২ রানে অল আউট করে দিয়েছে। টাইগারদের ৬০ রানের বড় জয়ের ম্যাচে অজিরা দেখেছে তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »