নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্দ্ধ-১৯ দল বিশ্বকাপ জয় করলো। এরপর করোনার কারণে এই দলটি সেভাবে একত্রে আর মাঠে নামতে পারেনি। ২০২০ সালের যুব বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছিল আকবর আলির দল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর সেই দল থেকে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান শরিফুল ইসলাম ও শামীম হোসেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছে বাংলার তরুন যুবারা।
দীর্ঘ সময় পর আবারো মাঠে নামছে অনূর্দ্ধ-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সিরিজ দিয়েই যুব দলের নতুন মুখদের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। সামনের আসরেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই লড়তে যাবে জুনিয়র টাইগাররা। আকবর আলীদের উত্তরসূরীরা আফগানদের বিপক্ষে লড়াই করবে যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। পাঁচ ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ আয়োজন করবে বিসিবি। ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। তারপরে হবে একটি চারদিনের ম্যাচ। সিরিজটি শেষ হবে ২০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে সিলেটে।
অবশ্য ওই সময়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও। একই সময়ে দুই ভিন্ন ভেন্যুতে লড়াই করবে জাতীয় দল ও অনূর্দ্ধ-১৯ দল।
