নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েডদের এমন পারফরম্যান্সকে খুবই ভয়াবহ মনে করছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
সিরিজে ব্যাট হাতে মার্শ ছাড়া তেমন কেউই প্রতিরোধ গড়তে পারেনি। বোলিংয়ে হ্যাজলউড নজর কাড়লেও বাকিরা তেমন কিছুই করে দেখাতে পারেনি। যে কারণে এ সিরিজ সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন ক্লার্ক।
তিনি বলেন,’‘আমি নিশ্চিত এই সিরিজে ফিরে তাকালে কোচ জাস্টিন ল্যাঙ্গার গভীরভাবে হতাশাগ্রস্ত হবে। সেই সঙ্গে নিজেদের পারফরম্যান্সে চোখ রাখলে ক্রিকেটাররাও আশাহত হবে। কিন্তু এই সিরিজে কি ফলাফল হয়েছে সেটি নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমার মাথায় শুধু এটা ঘুরপাক খাচ্ছে যে, সিরিজ জুড়ে আমরা কিভাবে খেলেছি এবং স্পিন বল খেলতে আমরা কতটা ভুগেছি।’’
এছাড়া অস্ট্রেলিয়া দলে দারুণ ক্রিকেটার ছিল বলে মনে করেন ক্লার্ক। তাই উত্তরসূরিদের সমালোচনায় ধুয়ে দেন ৪০ বছর বয়সী এই সাবেক অধিনায়ক।
তিনি বলেন,”বর্তমানে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের ফর্ম বেশ অসঙ্গতিপূর্ণ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স খুবই ভয়াবহ। এটা এমন নয় যে আমরা বিশ্বকাপের আগে কেবল একটি ম্যাচ খেলেছি। আমরা এই দলকেই এর আগেও একসঙ্গে অনেক ম্যাচ খেলতে দেখেছি।”
