অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে চায় আইসিসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত কয়েকবছর ধরেই অলিম্পিক গেমসের ইভেন্টে ক্রিকেট সংযুক্ত করার তোরজোড় চলছে। বোর্ড অব কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দ্বিমত থাকায় সেই প্রক্রিয়া বাস্তবায়ন হয়নি। সম্প্রতি বিসিসিআই সম্মতি দেয়ায় অলিম্পিক কমিটির কাছে ক্রিকেট সংযোজনের বিষয়ে নতুন করে যোগাযোগ করার প্রস্তুতি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে ইতোমধ্যে একটি প্যানেল গঠন করেছে আইসিসি। লস অ্যাঞ্জেলসে আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে কাজ করে যাবে প্যানেলটি। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

এ ব্যাপারে তিনি বলেন, ‘অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ। আমরা ক্রিকেটকে ভবিষ্যতের বহুকাল ধরে অলিম্পিকের একটি অংশ হিসেবে দেখতে চাই। বিশ্বজুড়ে ক্রিকেটের এক বিলিয়নের বেশি ভক্ত রয়েছে। তাদের ৯০ শতাংশের বেশিই ক্রিকেটকে অলিম্পিকে দেখতে চায়।’

আইসিসি চেয়ারম্যান আরও বলেন, ‘ক্রিকেটের অতি উতসাহী শক্তিশালী ভক্তকূল রয়েছে। বিশ্বে মোট ক্রিকেট ভক্তের ৯২ শতাংশই এশিয়াতে। এছাড়া যুক্তরাষ্ট্রে সর্বমোট ৩ কোটি ক্রিকেট ভক্ত আছে। এ সমস্ত ভক্তদের জন্য তাদের ক্রিকেট হিরোদের অলিম্পিক মেডেল পেতে লড়াই করতে দেখা বেশ গর্বের ব্যাপার হবে।’

যদিও অনেক জনপ্রিয় খেলা আছে যেগুলো অলিম্পিকে নেই। সে কারণে ঐতিহ্যবাহী এই আসরটিতে ক্রিকেট সংযুক্ত করা খুব একটা সহজ হবে না বলে জানান বার্কলে। তবে অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে পারলে সেটি অলিম্পিকের জন্যও বেশ লাভবান হবে বলে মনে করেন আইসিসি এই চেয়ারম্যান।

তার ভাষ্যমতে, ‘আমরা বিশ্বাস করি অলিম্পিকে ক্রিকেট একটি দুর্দান্ত সংযোজন হবে। কিন্তু এটি আসলে সহজ হবে না কারণ, অনেক জনপ্রিয় কিছু খেলা রয়েছে যেগুলো অলিম্পিকে সংযুক্ত হতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি, অলিম্পিক ও ক্রিকেটের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার এটাই সবচেয়ে সঠিক সময়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »