নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত বোলিং দাপট দেখাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। দুই বছরও হয়নি অনূর্দ্ধ-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয় করেন তিনি। এরপর এক বছরের মাথাই জাতীয় দলে অভিষিক্ত হন তিনি। দিনে দিনে নিজেকে নিয়ে যাচ্ছে আরো উপরে। এর মাঝে রপ্ত করেছেন স্লোয়ারের সাথে কাটারও। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে সঙ্গী হিসেবে পেয়ে কাটারটাও শিখছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষেই দেখা গেছে বেশ কিছু কাটারও দিয়েছেন তিনি।
শরিফুল নিজেই জানিয়েছে তার কাটার শেখার চেষ্টার কথা। যদিও ম্যাচে প্রয়োগ করেননি এখনও। তিনি বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের কাছে শিখার চেষ্টা করছি উনি কীভাবে কাটার দেন। অনুশীলনে চেষ্টা করছি। কিন্তু ম্যাচে এখনও প্রয়োগ করিনি। উনার কাটারের পদ্ধতি একদম ভিন্ন ধরনের। আর উনি বলেন, মিরপুরে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য কাটার খুবই বিপদজনক, কারণ হালকা থেমে একটু টার্ন করে স্পিনারদের মতো।’
এই উইকেটে স্লোয়ার বোলারদের আধিপত্য থাকবে আগে থেকেই জানতেন শরিফুল-মুস্তাফিজরা। তাই কাটার স্লোয়ারে প্রতিপক্ষকে বিধস্ত করতে সেরাটা দিয়েছেন তারা।
শরিফুলের ভাষায়, ‘যখন বলাবলি হচ্ছিল স্পিন উইকেট হবে তখনই আমরা বুঝে নিয়েছিলাম ওরকম কিছু একটা হবে। এখানে জোরে বল না করে কাটার স্লোয়ার ব্যাবহার করলেই ভালো। সেই অনুযায়ী ভালো জায়গায় বল করে আমরা ফল পেয়েছি।’
ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট। মুস্তাফিজুর রহমানের সাথে জুটি বেধে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছেন শরিফুল। মুস্তাফিজের সাথে জুটি বাধতে পেরে নিজেও বেশ উচ্ছ্বসিত শরিফুল।
শরিফুল বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে খেলেছি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছি, এখন জাতীয় দলে খেলছি। উনার সাথে বোলিং করার মজাই আলাদা। সবসময় ইতিবাচক কথা বলেন। ব্যাটসম্যানকে খুব জলদি পড়তে পারেন। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয় সবকিছু বলেন। যখন বোলিংয়ে আসি তার আগেই আমাকে বলে দেন কী করা উচিত।’
