নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্দ্ধ-১৯ দল থেকে উঠে আসা তরুন পেসার শরিফুল ইসলাম জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া সিরিজেও বল হাতে দেখাচ্ছেন দাপট। অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়েও রেখেছিলেন বড় অবদান। বিশ্বজয়ের সেই আনন্দের মতই শরিফুলকে আনন্দ এনে দিচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজ জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে এই পেসার জানান অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ এবং অজিদের বিপক্ষে জয় দুই অর্জনই স্মরণীয়, বরণীয়।
অজিদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই দাপুটে জয়। সেই সাথে বোলিংয়ে নিজেকে প্রমাণ করতে পেরে অর্জনের স্বাদটাও স্মরণীয় করে রাখেন শরিফুল।
শরিফুল বলেন, ‘দুইটা আমার কাছে একই মনে হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে আমরা আগে কখনও সিরিজ খেলিনি। প্রথম সিরিজেই আমরা জিতেছি। এটা একটা বড় বিষয়। প্রথম দ্বিপাক্ষিক খেলতে নেমে প্রথম টি-টোয়েন্টি জিতেছি, সিরিজও জিতেছি।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও বাংলাদেশের ক্রিকেট তথা ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। শরিফুল তাই দুটিকেই রাখছেন সমান মর্যাদায়, ‘আমরা আগে কখনও বিশ্বকাপ জিতিনি। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়কে আমি সমানভাবে দেখব। দুটোই আমাদের জন্য সমান মর্যাদার।’
নিজে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দলের সবাইকেই সমান ভাবে কৃতীত্ব দিতে চান শরিফুল। সবার উপরই সবাই ভরসা রাখছে এমনটাও জানান এই পেসার।
শরিফুল বলেন, ‘সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখছে, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। এই জিনিসটা খুব ভালো লাগে এই জিনিসটা যতদিন থাকবে ততদিন জয় পাওয়াটাও সহজ হবে।’
