নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরে এসে পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে গিয়ে লেগ স্পিনার রশিদকে খেলার আবহ পাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অজি অলরাউন্ডার ক্রিস্টিয়ান মনে করেন, মুস্তাফিজের বল খেলা গতিময় রশিদকে মোকাবেলা করার মতো।
চলতি সিরিজে দেখা গিয়েছে মুস্তাফিজের স্লোয়ার ও কাটার সামলাতে গিয়ে বিপাকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মূলত বাংলার ধীরগতির উইকেটে স্লোয়ার দিয়ে অজি ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়াচ্ছেন বাঁহাতি এই পেসার।
ক্রিস্টিয়ান জানিয়েছেন, এই কন্ডিশনে মুস্তাফিজকে খেলা প্রায় অসম্ভব। মুস্তাফিজকে নিয়ে বলতে গিয়ে ক্রিস্টিয়ান বলেন,’‘মুস্তাফিজকে খেলা অসম্ভবের কাছাকাছি। এটা দারুণ গতিময় রশিদ খানকে খেলার মতো।’’
ক্রিস্টিয়ান আরোও বলেন,’‘এই ম্যাচের (চতুর্থ) আগে আমরা তাকে খেলার নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছি। তাকে সামনের পায়ে খেলব নাকি পেছনের পায়ে, অফ সাইডে খেলব নাকি লেগ সাইডে…। তার বলে এত কিছু হয়, পিচেও বল উঠা-নামা করে… তার বল কেমন হবে, বোঝার উপায় নেই।’’
এই অজি অলরাউন্ডার আরও বলেন,”সামনের পায়ে তাকে খেলা সত্যিই কঠিন, কারণ কোনো বল টার্ন করবে, কোনোটি বাউন্স। অবশ্যই আমরা কোনো সমাধান বের করতে পারিনি। কারণ এই ম্যাচেও সে ওভারপ্রতি মাত্র ২ রান করে দিয়েছে। সত্যিই দুর্দান্ত বোলিং, কন্ডিশনটাকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগাচ্ছে সে।”
