নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা মহামারির কারনে গত বছরের মার্চ থেকে দেশের ক্রিকেটে দর্শকশূন্য। ঘরোয়া ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে শূন্য গ্যালারিতে। দেশের ক্রিকেটে সহসাই দর্শক ফেরার সম্ভাবনা খুব একটা নেই। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের মত কড়াকড়ি বজায় থাকলে দর্শক প্রবেশের সুযোগ নেই বললেই চলে।
আর গ্যালারির এই শূন্যতার কারণে বাংলাদেশ দল ঘরের মাঠে খেলেও হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দর্শকদের সমর্থন।
পাপনের এই বক্তব্য মূলত অস্ট্রেলিয়ার সফররত দলটির শক্তির জায়গা নিয়ে আলোচনায়। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগারদের নিয়ে গড়া অজিদের বোলিং আক্রমণ শক্তিশালী বলে মনে করছেন বিসিবি সভাপতি। তবুও বাংলাদেশের কাছে দলটির নাস্তানাবুদ হওয়ার পেছনে হোম অ্যাডভান্টেজের চেয়ে টাইগারদের কৃতিত্বই বেশি দেখছেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওদের দল থেকে শুধু অ্যারন ফিঞ্চ আসেনি, বাকি সবাই-ই বাংলাদেশ সফরে এসেছে। ওদের স্পিনাররা খুবই ভালো। জাম্পা, অ্যাগার ওরা বিশ্বমানের স্পিনার। উইকেট যদি দেখেন- পেসাররাই তো বেশি নিচ্ছে। এই উইকেটে দুইটাই ঠিকাছে। বলতে পারেন কন্ডিশন ভিন্ন। কন্ডিশন তো ভিন্ন হবেই! আমরা ওদের দেশে গেলে আমাদের জন্য কন্ডিশন ভিন্ন থাকে।’
তবে পাপনের ধারনা, মাঠে দর্শক না থাকায় ঘরের মাঠের পূর্ণ সুবিধাও পাচ্ছে না বাংলাদেশ। তার দাবি, ‘হোম অ্যাডভান্টেজ আমরা হয়ত পেয়েছি। কিন্তু ট্রু সেন্স থেকে বলব হোম অ্যাডভান্টেজ আমরা পাইনি। দেশে আমাদের সবচেয়ে বড় সুবিধা কিন্তু পিচ না, দর্শক! এই সমর্থনই তো ছিল না। মাঠভর্তি দর্শক থাকলে আলাদা সাহস থাকে।
