নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আপত্তিকর আচরণ করার দায়ে আইসিসি কতৃক শাস্তি পেয়েছেন বাংলাদেশি তরুন পেসার শরীফুল ইসলাম। তিরস্কারের পাশাপাশি তার নামের সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরীফুলের শাস্তির কথা জানিয়েছে।
গতকাল সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে ব্যাটসম্যান মিচেল মার্শকে আউট করার পর আগ্রাসীই উদযাপন করেন শরিফুল। আউট হয়ে ফেরার সময় মার্শের খুব কাছে গিয়ে চিৎকার করেছিলেন তরুন এই পেসার। যদিও, এ ঘটনার শুরুটা হয়েছিল মার্শের মাধ্যমেই।
ইনিংসের শুরুর দিকে শরীফুলকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন মার্শ। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ এসে মার্শের সঙ্গে বিবাদে জড়ান। পরে আম্পায়ার এসে দুজনকে আলাদা করেন।
আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ শরীফুলকে এ শাস্তি দিয়েছেন। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় শরীফুলের কোনো শুনানির প্রয়োজন পড়েনি। ক্যারিয়ারেই শুরুতেই একটি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলেন শরিফুল ইসলাম।
