মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন লক্ষ্মণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক সময় অনেক বারই কথা উঠেছে বাংলাদেশের , টি-টোয়েন্টির দলটি মাঠে ভালো পারফর্ম করতে পারে না। তবে গতকাল ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েই বাংলাদেশ কিছুটা হলেও বিশ্বকে দেখিয়েছে তারা ভালো দলকে হারানোর সক্ষমতা রাখে। আর এই সিরিজ জয়ে বাংলাদেশ ও মুস্তাফিজুর রহমানের বন্দনায় মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

গতকালের ম্যাচে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করেন তিনি। যদিও কোনো উইকেটের দেখা পাননি। স্পেলের শেষ ওভারে মাত্র ১ রান দেন মুস্তফিজ, যখন শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৩ রান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। দলটির সাথে যুক্ত আছেন লক্ষ্মণ। যে কারণে মুস্তাফিজকে কাছ থেকেই দেখেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। মাঝে ছন্দ হারানো মুস্তাফিজ আবারও তার সেরা ফর্মে ফেরায় খুশি হয়েছেন লক্ষ্মণ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লক্ষ্মণ লিখেছেন,’‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। মুস্তফিজকে তার সেরা ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগছে। কী অসাধারণ এক বোলিং পারফরম্যান্স! বাংলাদেশের ক্রিকেট প্রিয় ভক্তদের কথা ভেবেও ভালো লাগছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »