নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অনেকগুলো সিরিজ জয়ের মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় সবার উপরেই থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয়ের পথ খুব একটা সহজ ছিল না। বিশেষ করে তৃতীয় ম্যাচে বাংলাদেশের হাতে ছিল না বড় পুঁজি।
অল্প রানের সিংগ্রহ নিয়ে বাংলাদেশকে জয়ের অনুপ্রেরণা জুগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল মাঠে তার কাজ ছিল খেলোয়াড়দের অনুপ্রাণিত করা। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, মাঠে নামার সময়েই অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, যাই হয়ে যাক টাইগারদের বুক চিতিয়ে লড়ে যেতে হবে।
রিয়াদ বলেন, “আমরা যখন মাঠে নামলাম, আমি সাকিবের সাথে কথা বলছিলাম। সাকিব বলেছিল যে যাইহোক আমাদের বুক চিতিয়ে লড়তে হবে, ভালো বোলিং করতে হবে এবং উইকেট পেয়ে রান রেট ৮-৯ এ নিয়ে যেতে পারলেই আমাদের জেতার সুযোগ চলে আসবে।”
মুস্তাফিজকেও প্রশংসায় ভাসিয়েছেন রিয়াদ, “মুস্তাফিজ আবারও দারুণ বোলিং করেছে। শরিফুল এবং সব বোলাররা ভালো প্রস্তুতি নিয়ে এসেছে এবং আজ মাঠে সেটাই দেখিয়েছে। তবে মুস্তাফিজ ছিল অসাধারণ।”
দ্রুত দুই উইকেট পড়ার পর বাংলাদেশের হাল ধরেছিলেন সাকিব-রিয়াদ জুটি। সাকিব ফিরলেও উইকেটে শেষ পর্যন্ত ছিলেন মাহমুদউল্লাহ। গুরুত্বপূর্ণ এই জুটি নিয়ে রিয়াদ আরো বলেন, ” লগুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে। আজ আমাদের ছেলেরা যেভাবে লড়াই করেছে তা অসাধারণ। আমি খুবই খুশি।
যখন আমি ও সাকিব ব্যাটিং করছিলাম, আমরা ভাবছিলাম আমি কিংবা সাকিব, যেকোনো একজন ১৬ থেকে ১৭ ওভার পর্যন্ত খেলতে হবে। কারণ একজন থিতু ব্যাটসম্যানকে থাকতেই হবে নাহলে নতুন ব্যাটসম্যানের জন্য কাজ কঠিন হবে। কারণ বল ধীরে আসছিল এবং অস্ট্রেলিয়া আজকে কন্ডিশনকে ভালোভাবেই কাজে লাগিয়েছে।”
