নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অষ্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ৩-০ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শক্তিশালী ও পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজ জয়ের বিশ্বাস থাকলেও বাংলাদেশ এমন দাপট দেখিয়ে সিরিজ জিতবে, তা ভাবেননি পাপন।
বিশ্ব চ্যাম্পিয়নস টিম অষ্ট্রেলিয়া। সেই টিমের বিপক্ষেই সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশেষ কিছু। সিরিজটি যখন হোম ভেন্যুতে তখন আশার পালে হাওয়া লাগার মতোই বাংলাদেশ দল এবং ভক্তকুলপর মাঝে। কেননা ঘরের মাঠে বাংলাদেশ দল বরাবরই অপ্রতিরোধ্য। এর আগে ঢাকার মাটিতে টেস্টেও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাই অজিদের হারানো সম্ভব, অন্য সবার মত এই বিশ্বাস ছিল পাপনেরও।
তবে টাইগাররা যে অজিদের জয়শূন্য রেখে প্রথম তিন ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে তা যেন কল্পনাতেও ছিল না বিসিবি সভাপতির। আর তাই সিরিজ জয়ের পর আনন্দে উদ্বেলিত তিনি। তৃতীয় টি-টোয়েন্টি শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।
পাপন বলেন বলেন, ‘অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। সিরিজ জিতব না এমন ভাবনা ছিল না। কিন্তু এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। হয়ত জিততে পারি এমন বিশ্বাস ছিল। খেলোয়াড়দের মধ্যেও ছিল।’
একটি করে জয় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার পারদ উঁচু করেছে। দলের অদম্য মানসিকতা দেখে পাপন রীতিমত মুগ্ধ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ জেতার পর একটু স্বস্তি বোধ করছিলাম। দ্বিতীয় ম্যাচ নিয়ে নিশ্চিত ছিলাম না, তবে এটা জেতার পর প্রত্যাশা বেড়ে যায়। তৃতীয় ম্যাচ জিতুক চাওয়ার পর অনেকে ভেবেছিল বেশি বেশি চাওয়া হয়ে যাচ্ছে। আজ যেভাবে ১২৭ রান নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, বোলিং-ফিল্ডিং-টিম স্পিরিট… মাঠে কোনো খেলোয়াড় আশা হারায়নি। এটাই ছিল সবচেয়ে সুন্দর।’
বড় কোনো সাফল্যের পর খেলোয়াড়দের পুরস্কৃত করার রেওয়াজ দীর্ঘদিনের। অস্ট্রেলিয়া সিরিজের সাফল্যে ক্রিকেটারদের কী পুরস্কার দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে পাপনের ভাষ্য, ‘সিরিজ শেষ হওয়ার আগে না।’
