নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ দলের পারফরম্যান্সে প্রশংসা জোগান দিয়েছে ক্রিকেটারদের কাছ থেকেও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলের মতে, এমন জয়ে বাড়তি অনুপ্রেরণা পাবে টাইগাররা। এদিকে সিরিজ হারের শঙ্কায় থাকা অজিদের মূল দুশ্চিন্তার কারন মিরপুরের উইকেট । এই উইকেটে মোস্তাফিজের বোলিংকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন দলটির সহ-অধিনায়ক ময়েসেস হেনরিকেস।
অস্ট্রেলিয়া দলের টানা হারের পেছনে স্মিথ- ওয়ার্নার- ম্যাক্সওয়েল- কামিন্সদের অনুপস্থিতিকে বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই। কিন্তু বাংলাদেশও তো তামিম, মুশফিক ও লিটনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই খেলছে। এই দুই ম্যাচ জয়ের মাহাত্ম্য তাই অনেক বেশি। যা স্বীকৃতি পাচ্ছে ভিনদেশি ক্রিকেটারদের মাঝেও।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমাল বলেন, ‘বাংলাদেশের মতো দল যখন বড় দলের বিপক্ষে জয় পায় তখন তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। ভালো ক্রিকেট খেলছে ওরা। প্রথম সারির বেশ কিছু ক্রিকেটার দলে নেই। তাদের ছাড়াই শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছে। সামনের দিনগুলোতে এটা তাদের অনেক কাজে আসবে।’
সফরকারী অস্ট্রেলিয়ানরা মিরপুরের উইকেটে নিজেদের মেলে ধরতে পারছে না। নিজেদের অনুপ্রাণিত করতেই কি না, হতাশার মাঝেও ইতিবাচক কিছু খুঁজে নিতে হচ্ছে তাদের।
অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ময়েসেস হেনরিকেস বলেন, ‘মনে হচ্ছে, ভিনগ্রহের উইকেটে খেলছি। খুব দ্রুত মানিয়ে নেওয়া ছাড়া বিকল্প নেই। অস্ট্রেলিয়ার উইকেটের তুলনায় এখানকার উইকেট একেবারেই আলাদা। তবে একদিক থেকে এটা ভালোও। ইয়াংস্টারদের অনেকেই অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ সময় খেলবে। কঠিন কন্ডিশনে কীভাবে পারফর্ম করতে হয়, এখানে সেটা তারা শেখার সুযোগ পাচ্ছে।’
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে মোস্তাফিজের সতীর্থ হিসেবে খেলেছেন হেনরিকেস। খেলেছেন প্রতিপক্ষ হিসেবেও। তবে এই সিরিজে কাটার মাস্টারকে রীতিমতো দুর্বোধ্য মনে হচ্ছে তার কাছে।
অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ময়েসেস হেনরিকেস আরও জানান, ‘অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল আইপিএলে মুস্তাফিজ জাতীয় দলের খেলার তুলনায় অর্ধেক স্লোয়ার দেয়। উইকেটের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয় সেটা সে দেখিয়েছে। ও ভালো উইকেটেও স্লোয়ার দিতে পারে। যা মোকাবিলা করা খুবই কঠিন।’
মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবতেই হচ্ছে প্রতিপক্ষকে। ২ ম্যাচে ফিজের দখলে ৫ উইকেট। অধিকাংশ ডেলিভারিই ছিল কাটার। মন্থর উইকেটে যে কাটার আরও রহস্যময়।
