তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ তে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজের আগে সবদিক দিয়েই বাংলাদেশ বেশ পিছিয়ে থাকলেও দুই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে অজিদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এখন প্রয়োজন আর একটি জয়! সিরিজ নিশ্চিত করতে মরিয়া টাইগাররা চায় আগামিকালের ম্যাচেই জয় পেতে। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের টিকিট নিশ্চিত করতে চায় টাইগাররা।

দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাট করা আফিফ হোসেন জানালেন ৩য় ম্যাচকে সামনে রেখে তাদের পরিকল্পনার কথা। দ্বিতীয় ম্যাচে জয়ের এই নায়ক জানান কালকের ম্যাচেই জয় পেতে মরিয়া পুরো দল।

তিনি বলেন, ‘গত কিছু সিরিজ ধরে অনেক ভালো ক্রিকেট খেলছি আমরা। জিম্বাবুয়েতেও ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে সেখানেও ভালো খেলেছি। সেগুলো আত্মবিশ্বাস দিচ্ছে। সিনিয়র যারা আছেন তারা সবাই আমাদের সহায়তা করছে। দলের খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকটা ম্যাচ নিয়েই আমাদের চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা সামনের ম্যাচ ভালো খেলে সিরিজ জেতা।’

ব্যাট হাতে কিছুটা ফিঁকে পারফরম্যান্স দেখালেও বল হাতে টাইগাররা ছিলেন দাপুটে। যদিও উইকেট বিবেচনায় অজিদের চেয়ে বেশ ভালো ব্যাটিং দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে যে ব্যাটসম্যানরা চার-ছক্কার ফুলঝুরি ছড়ান, মিরপুরে তারাই কোণঠাসা। আফিফ মনে করেন, মুস্তাফিজ-শরিফুলদের সফলতার বড় কারণ কন্ডিশনকে ঠিকভাবে কাজে লাগানো।

তিনি বলেন, ‘মিরপুরে, হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ে একটা সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই অ্যাডভান্টেজ খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। এ কারণে আমাদের বোলিং অনেক ভালো হচ্ছে। তার সাথে ফিল্ডিং, ক্যাচিং সবকিছু অনেক ভালো হচ্ছে দেখে পুরোপুরি টিম এফোর্ট হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘উইকেটের যে কন্ডিশন ছিল তার সাথে মুস্তাফিজ ভাই আর শরিফুল ভালো মানিয়ে নিতে পেরেছে। উইকেটের কন্ডিশন অনুযায়ী বল করায় তারা খুব ভালো করেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »