নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেড় যুগ পর পাকিস্তান সফরে করতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ সফর শেষেই কিউইরা সরাসরি দেশটির উদ্দেশ্য উড়াল দেবেন। যেখানে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে।
নিউজিল্যান্ডের এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়াসিম খান। পিসিবির এই নির্বাহী কর্মকর্তা বলেন,”আমি খুশি যে নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের দুটি অতিরিক্ত টি -টোয়েন্টি আন্তর্জাতিক খেলার প্রস্তাব গ্রহণ করেছে। টি -টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে উভয় দেশ শুধু খেলবেই না বরং নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পাকিস্তানে অতিরিক্ত দিন কাটাতে, আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে এবং আমাদের আতিথেয়তা উপভোগ করতে দেবে।”
এই সিরিজ নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও। তাদের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন এই সিরিজের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম উদ্বোধন করতে অপেক্ষায় রয়েছেন তারা।
তিনি বলেন,”আমরা পাকিস্তানের আন্তর্জাতিক মৌসুম উদ্বোধন করার জন্য সেখানে সফর করতে অপেক্ষায় আছি। নিউজিল্যান্ড ভারতের বাইরে প্রথম দেশ ছিল পাকিস্তান সফরে এবং আমরা পিসিবির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভাগ করে নিয়েছি। এটা খুবই ভালো যে, পাকিস্তানের জন্য এত কঠিন সময়ের পর দেশে আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে।”
