নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক বাংলাদেশের স্পিননির্ভর উইকেটে এসে ব্যাকফুটে অস্ট্রেলিয়া ক্রিকেটদল। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ ঝলক দেখানো ক্রিকেটাররা বাংলাদেশের উইকেটে খেলতে নেমে হিমশিম খেয়ে যাচ্ছেন। বিশেষ করে ব্যাটসম্যানরা এর ভুক্তভোগী। বাংলাদেশ সিরিজের অভিজ্ঞতাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘শিক্ষা’ হিসেবে মনে করছে অজিরা।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর আয়োজন হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে কঠিন উইকেট থাকবে না মনে করছেন অজি তারকা মইসেস হেনরিকস। তিনি বলেন, ‘আমাদের তরুণ একটি দল এখানে এসেছে যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার হয়ে অনেক ম্যাচ খেলবে। তারা যদি এই কন্ডিশনে ভালো করার উপায় খুঁজতে পারে তাহলে ঘরের বাইরে খুব বেশি কঠিন কন্ডিশনের মুখোমুখি হবে না।’
আইপিএলের কারণে উপমহাদেশের কন্ডিশন হেনরিকসের কাছে অচেনা কিছু নয়। অথচ, মিরপুরের ২২ গজে সুবিধা করতে পারছেন না তিনিও।
হেনরিকস বলেন, ‘আমি আইপিএলে ৬০টির মত ম্যাচ খেলেছি অথচ এখানকার উইকেট সবচেয়ে অচেনা ঠেকছে। আমাদের অনেক মানিয়ে নিতে হবে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আমাদের ঘাটতি ধরা পড়ছে এটা ভালো, কারণ এর চেয়ে কঠিন কন্ডিশন অস্ট্রেলিয়ার বাইরে হতে পারে না
অভিজ্ঞ এই ব্যাটসম্যান তাই মেনেই নিলেন, উপমহাদেশীয় কন্ডিশনে বাংলাদেশ অজিদের চেয়েও ভালো পারফর্ম করছে। তিনি আরও বলেন, ‘সত্যি বলতে আজ আমার মনে হয়েছে ওরা আমাদের চেয়েও পারদর্শী। তাদের ক্রিকেটীয় জ্ঞান আমাদের চেয়ে বোধহয় ভালো ছিল। এর কারণ হতে পারে এই মৌসুমে এমন উইকেটে ওরা আমাদের চেয়ে বেশি খেলে।’
