নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এ ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রান করেছেন সাকিব আল হাসান। এমন পারফর্ম করে দলের জয়ে অবদান রাখায় সাকিবের প্রশংসায় মেতে উঠলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অজিরা যখন তৃতীয় উইকেট জুটিতে হেনরিকস ও মিচেল মার্শ মিলে ৫২ বলে ৫৮ রান করে টাইগাররা তখন কিছুটা চাপে পড়ে। তখনই ১৪তম ওভারে বোলিংয়ে এসে থিতু হতে যাওয়া এই জুটি ভাঙেন সাকিব।হেনরিকসকে বোল্ড করে দলে স্বস্তি ফেরান তিনি। এছাড়া ব্যাট হাতেও আস্থার প্রতিদান দেওয়ায় সাকিবে বেজায় খুশি মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন,’‘সাকিব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে দেখিয়েছে দলে তার কতটা প্রয়োজন।’’
নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনকেও প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক। ৬৭ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন মূলত এই দুজনই।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,’‘আফিফ ও সোহানকে এভাবে ব্যাট করতে দেখা অনেক স্বস্তির। দুইজনে আমাদের জয় পর্যন্ত নিয়ে গেছে। পরিপক্বতা দেখিয়েছে। দ্রুত কিছু উইকেট হারানোর পর ড্রেসিংরুমে দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাট করেছে, তাতে দুশ্চিন্তা কমে গেছে।’’
বোলাররা দারুণ বোলিং করায় অজিদের খুব অল্প রানে আটকে রাখা গেছে বলে মনে করেন তিনি। তার কথায়,’‘বোলাররা অনেক ভালো করেছে, যার কারণে তাদের ১২১ রানে আটকাতে পেরেছি। এমন কন্ডিশনে মুস্তাফিজ অনেক কার্যকরী এক বোলার। শরিফুলও ভালো করেছে, অন্য বোলাররাও অনেক হিসেবী ছিল। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।”
