আইপিএলের অসমাপ্ত অংশ খেলতে পারবেন সাকিব-মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্রাঞ্জাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিলে। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার পরও কঠোর সুরক্ষা নিশ্চিত করেই চলছিল খেলা। তবে টুর্নামেন্টের মাঝপথে জৈব সুরক্ষা বলয়ে ভাইরাস ছড়িয়ে পড়লে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই।

তবে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। এই সময়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। সম্প্রতি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, সেপ্টেম্বরের বাংলাদেশ সফর ২০২৩ সালের মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ নেই। আর তাই দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের আইপিএলের অসমাপ্ত অংশে অংশগ্রহণের পথে বাধা নেই। বিশ্বকাপ ও আইপিএল অভিন্ন ভেন্যুতে হওয়ায় দুই ক্রিকেটারের জন্য আইপিএল হতে পারে বিশ্বকাপের প্রস্তুতির দারুন সুযোগ।

সর্ব বিবেচনায় সাকিব-মুস্তাফিজকে আইপিএলের অনাপত্তিপত্র বা এনওসি দেওয়ার কথা ভাবছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘বিশ্বকাপের আগে দুবাইয়ে হতে যাওয়া আইপিএলে অংশ নিতে চেয়ে সাকিব মুস্তাফিজ যদি বোর্ডে আবেদন করে, তাহলে বিসিবি তা ইতিবাচকভাবেই দেখবে।’

চতুর্দশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজকে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস দলভুক্ত করেছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »