নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাসুমের দাপুটে বোলিংয়ে অজিদেরকে ২৩ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো টাইগাররা।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অজিদের পেস আর বাউন্সের সামনে নাজেহাল টাইগার ওপেনাররা। সৌম্য সরকারকে বোল্ড করে প্রথম উইকেট শিকার করেন হ্যাজেলউড। সাকিব-সৌম্য প্রতিরোধ গড়লেও রান তুলতে হিমসিম খাচ্ছিলো টাইগাররা। স্লো উইকেটে ব্যাটে বাউন্ডারির দেখাই পাচ্ছিলেন না ব্যাটসম্যানরা। মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন নাইম-রিয়াদরা। নাইম ২৯ বলে ৩০ রান করে ফিরলে জুটি বাধেন সাকিহ-মাহমুদউল্লাহ। ৩৬ রানের জুটির পথে রিয়াদ ফেরেন ব্যক্তিগত ২০ রানে।
দলীয় ১৬ তম ওভারে প্রথমবার রান রেট ৬ এর কোটায় পৌঁছে বাংলাদেশের। একপ্রান্তে সাকিব ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করলেও দলীয় ১০৪ রানে ৩৩ বলে ৩৬ রানে ফেরেন সাকিব আল হাসান। স্টার্কের বলে বোল্ড হয়ে শামিম হাসানও ফেরেন দ্রুতই। শেষদিকে আফিফের ১৭ বলে ২৩ রানে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে সাকিব সর্বোচ্চ ৩৬ এবং অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড ২৪ রানে ৩ ও মিচেল স্টার্ক ৩৩ রানে শিকার করেন ২ উইকেট।
১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় অজিরা। ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। নাসুম-মাহেদির ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় অজিরা। ৪র্থ উইকেটে ৩৮ রানের জুটিতে ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও নাসুমের জাদুতে ওয়েড-এগাররা ফিরেন দ্রুতই। নিয়মিত বিরতিতে উইকেট হারালে ম্যাচে অজিদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ৪৫ রানে মার্শ ফিরলে ম্যাচ পুরোপুরি নিজেদের আয়ত্তে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানে গুড়িয়ে যায় অজিরা।
বাংলাদেশের পক্ষে ১৯ রানে ৪ উইকেট নেন নাসুম। শরিফুল ১৯ রানে নেন ২ উইকেট। অজিদের পক্ষে মার্শ সর্বোচ্চ ৪৫ রান করেন। আগামিকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
