গ্যালারিতে আছড়ে পড়া বল আর মাঠে ফিরবে না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। আগামিকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরুর আগের রাতে নতুন শর্ত জুড়ে দিলো অজিরা। গ্যালারিতে আছড়ে পড়া বল দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। পূর্বের সিরিজগুলোতে বল স্যানিটাইজ করে ব্যবহার করতে দেখা গেলেও অজিদের শর্ত অনুযায়ী তা করা যাবে না।

বোর্ডের নির্ভরযোগ্য সূত্র এক গণমাধ্যমে জানায়, ‘যে বলগুলো ওভার বাউন্ডারি হয়ে গ্যালারিতে বা স্টেডিয়ামের আশপাশে পড়বে সেই বল পুনরায় ফেরত আনা হবে না। ঐ বলের প্রকৃতি বুঝে অতিরিক্ত বল দিয়ে ম্যাচ চলমান থাকবে। যে বলগুলা বাইরে পড়বে, সেগুলা স্যানিটাইজ করে পরবর্তী ম্যাচে আবার ব্যবহার করা হবে। অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী করোনা ঝুঁকি এড়াতে মাঠে কোনো বল বয় থাকতে পারবে না।’

বল বয়ের মত মাঠ ঘেঁষে থাকার অনুমতি নেই সম্প্রচারের দায়িত্বে থাকা কর্মীদের। মাঠে থাকবে ২০টি ক্যামেরা। তবে প্রত্যেক ক্যামেরা ক্রুকে বাউন্ডারি লাইন থেকে ১৫ মিটার দূরে নিজেদের যন্ত্রপাতি নিয়ে অবস্থান করতে হবে। খেলা চলাকালে মাঠের ভেতর কোনো ক্রু থাকতে পারবেন না।

সেক্ষেত্রে টস কীভাবে ধারণ করা হবে এ নিয়ে রীতিমত বিপাকে আছে সম্প্রচার দল। প্রডাকশন টিমের সূত্র গণমাধ্যমে জানায়, ‘এই ব্যাপারে আমরা এখনও ভাবছি। এখন পর্যন্ত আমাদের ধারণা- একটি ক্যামেরা মাঠে সেট করা থাকবে টসের সময়। পরবর্তীতে ক্রিকেটাররা সরে গেলে কোনো ক্রু গিয়ে সেটা সরিয়ে আনবে। চুড়ান্ত সিদ্ধান্ত আমরা মেইলে পাব।’

অস্ট্রেলিয়ার এমন অযাচিত এবং অসংখ্য শর্ত নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হৈচৈ শুরু হয়েছে। আলোচনা-সমালোচনায় ম্যাচের চেয়ে বেশি অজিদের শর্তের লিস্ট নিয়েই চলছে। এদিকে আগামিকাল সন্ধায় ৬ টায় প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। পাঁচ ম্যাচ সিরিজ আগামিকাল শুরু হয়ে শেষ হবে ৯ই আগস্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »