নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন শুরুর সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সুযোগ পেয়ে সেটার সদ্ব্যবহার তিনি করেননি। দুর্দান্ত এক ইনিংস খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ টিম মিটিংয়ে সতীর্থদের অবসরের সিদ্ধান্তের কথা জানানোর পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে, এরপর অবসর নিয়ে দেখা দেয় ধোঁয়াশার।
টেস্ট সিরিজ শেষ হলেও রিয়াদ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার অবসর নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানায়নি। যা নিয়ে সমর্থক মহলে চলছে অনেক গুঞ্জন, কটুকথা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলেও সরাসরি কোন উত্তর পাওয়া যায়নি। এড়িয়ে গেছেন কৌশলে। তবে দ্রুতই নিজের অবসর নিয়ে অবস্থান পরিস্কার করবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, শুধুমাত্র এই সিরিজটি নিয়ে এখন আমার ভাবনা। এ বিষয়ে (অবসর) ইনশাল্লাহ আপনাদেরকে আমি অতি শিগগিরই বিস্তারিত জানাতে পারব।”
আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি, সিরিজের বাকি ৪ ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।
