সাকিবকে নিয়ে আলাদা করে ভাবছি- ওয়েড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাটসম্যান সাকিব আল হাসান এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন। বোলিংটা সাকিব সূলভ হলেও ব্যাটসম্যান সাকিব এখনো কিছুটা বিবর্ণ। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ৯৬* রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব আল হাসানদের মতো ক্রিকেটাররা যে-কোন সময় বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আর খেলা যখন দেশের মাটিতে, তখন সাকিবকে নিয়ে আলাদা হোম ওয়ার্ক সবাইকেই করতে হয়। ভিন্ন নন অস্ট্রেলিয়াও। সাকিবকে নিয়ে আলাদা করে ভাবছে তারাও।

ইতোমধ্যেই সাকিবকে নিয়ে চুলচেড়া বিশ্লেষণ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার আগে ম্যাথু ওয়েড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে সাকিবের উইকেট।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, “সে (সাকিব) ব্যাট হাতেও খুবই ভালো। সে ভালো গড়ে রান করে। সে যখন ব্যাট করবে তখন তার উইকেট গুরুত্বপূর্ণ হবে।”

২০১৭ সালে অস্ট্রেলিয়ার সর্বশেষ বাংলাদেশ সফরে বল-ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন সাকিব। যেখানে প্রথম টেস্টে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। যেটি এখনো ভুলতে পারেনি অস্ট্রেলিয়ার।

এ প্রসঙ্গে ওয়েড আরো বলেন, “আমরা নিশ্চিতভাবেই জানি সে কি করতে পারে। এখানে ২০১৭ সালে টেস্ট ম্যাচে সে খুবই দুর্দান্ত ছিল। সে বল ঘোরাতে পারে এবং শাইনি সাইডে হিট করে আপনাকে এলবিডব্লিউ করতে চেষ্টা করবে বা সিম ঘুরিয়ে আপনাকে আউটসাইড এইজ হতে বাধ্য করবে।”

“উইকেট কেমন আচরণ করবে তার ওপর ভিত্তি করে আমাদেরকে তার বিপক্ষে ভালো করার উপায় বের করতে হবে। সে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, ওয়েড যোগ করেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »