নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। অস্ট্রেলিয়া নতুন করে সিরিজ আয়োজন না করলে এটিই হবে বিশ্বকাপের আগে তাদের শেষ টি-টোয়েন্টি সিরিজ। ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে এই সিরিজকে পাখির চোখ করেছে অস্ট্রেলিয়া।
নবনিযুক্ত অধিনায়ক ম্যাথু ওয়েড জানালেন, এই সিরিজেই ক্রিকেটারদের লড়াই করতে হবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য। আজ (সোমবার) সিরিজপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, “হ্যাঁ, অবশ্যই (বিশ্বকাপের প্রস্তুতি)।”
“ওয়েস্ট ইন্ডিজেও এটা আমরা করেছি। প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মিচেল মার্শ, অ্যাশটন টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।”
দলের নিয়মিত কয়েকজন ব্যাটসম্যানকে না পাওয়ায় কাজটি কঠিন হবে তবুও ম্যাথু ওয়েড আশাবাদী বাংলাদেশের বিপক্ষে তারা সিরিজ জিতবে। তিনি বলেন, “অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই।”
“সবসময়ই আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। তবে এটা সবাইকে দেখে নেওয়ার একটা সুযোগ যে, বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে। যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় সবার ভূমিকা স্পষ্ট হয়। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। বিভিন্ন ভূমিকায় নিজেকে প্রমাণ করতে দলের সবাই মুখিয়ে আছে।”
