‘খারাপ টি-টোয়েন্টি দল’ ক্ষেপেছেন ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বাজে সময় পার করছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখা যেনো অমাবস্যার চাঁদের মতো।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উন্নতি-অবনতির গ্রাফ স্পষ্ট ফুটে ওঠে র‍্যাংকিংয়ের দিকে তাকালে।

তবে এমন পারফরম্যান্সের সমালোচনায় ক্ষেপেছেন জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। বাযে কথা কিংবা নেতিবাচক কথাকে হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশ দল নিয়ে ক্রমাগত নেতিবাচক ও বাজে কথা শোনা, এটা খুবই হতাশাজনক। কেন সবাই বলতে চান আমরা ভালো টি-টোয়েন্টি দল নই? আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির সুযোগ আছে। বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল।’

জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স দলকে আশা জাগাবে সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে সামনে ইতিবাচক পারফরম্যান্স করবে বলেও আশাবাদী ডমিঙ্গো।

তিনি বলেন, ‘আমাদের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মত শরীর নেই। কিন্তু দল নিয়ে আমি অনেক ইতিবাচক। সবসময় নেতিবাচক মন্তব্য খুব হতাশাজনক। তাই আমি অসম্মতি জানাচ্ছি, আমরা খারাপ দল নই। আমাদের ভালো টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। তারা খুব বেশি ম্যাচ খেলেনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হতাশার ছিল, তবে জিম্বাবুয়েতে ভালো করে এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে এসেছি।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাংলাদেশকে খেলতে হবে ‘প্রথম রাউন্ড’ পর্ব, যে পর্বে যোগ্যতা প্রমাণ করতে হবে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ডের মত দলের বিপক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »