নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামিকাল রবিবার সকালে বাংলাদেশ দল ও বিকালে সফরকারী অস্ট্রেলিয়া দল টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে নামবে। তবে অনুশীলনের আগে মাঠে পরিদর্শক দল পাঠাবে অস্ট্রেলিয়া। অনুশীলনে নামার আগে কোভিড প্রটোকল যথাযথভাবে মানা হচ্ছে কি না তা দেখতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শক দল পাঠানো হবে। দলটি নিশ্চিত করবে অনুশীলনের আগে পুরো মাঠ ফাঁকা আছে কি না এবং কোভিড প্রটোকল যথাযথভাবে মানা হচ্ছে কি না
এরপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী অনুশীলনে নামবে ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। দিনের শেষভাগে বিকালে ৪ টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ পর্যন্ত অনুশীলন করবে সফরকারী অস্ট্রেলিয়া। ফ্লাডলাইটের আলোয় প্রথমবার অনুশীলন করবে অজিরা। ৩১ জুলাই (শনিবার) এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তা নিশ্চিত করা হয়।
অজিদের মাঠে পরিদর্শক দল পাঠানোর ব্যাপারে জনপ্রিয় এক অনলাইন পোর্টালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক ও মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী। অজিদেরকে মিরপুরের মাঠের তথ্য দেওয়া সেই দলটিও বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টিন করছে। ২৯ জুলাই বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে আসে সকালে। একই দিন বিকালে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছায়।
৩ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে পাঁচ টি-টোয়েন্টি। ৩,৪,৬,৭ ও ৯ তারিখ যথাক্রমে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ।
