নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ আগস্ট থেকে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ভুতুড়ে এক সূচি ঘোষণা করেছে বিসিবি। মাত্র ৭ দিনের ব্যবধানে শেষ হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দল এমন ঠাসা সূচিতে সিরিজ খেলবে, বিষয়টি অবাক করেছে ক্রিকেট বিশ্লেষকদের। প্রশ্ন উঠেছে কেন এত কম সময়ে এতগুলো আন্তর্জাতিক ম্যাচ?
করোনাকালীন সময় আর বায়ো বাবলের ঝামেলার কারণে অস্ট্রেলিয়া চেয়েছে, যত দ্রুত সম্ভব সিরিজটি শেষ করার। যার ফলে বিসিবি এক প্রকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
বিসিবি সিইও নিজাম উদ্দিন বলেন, “আমাদের হাতে আর কোনো সুযোগ ছিল না। অস্ট্রেলিয়া যত কম সময়ের মধ্যে সম্ভব খেলা শেষ করে যেতে চাচ্ছে। আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে।”
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সূচির সাতদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম বিশ্বমানের হওয়ায় আশা দেখছে বিসিবি। “যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ আর মাঠের প্রস্তুতি ভালো। মাঠের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা আছে। আশা করি খেলাগুলো আমাদের মত করে শেষ করতে পারব, যোগ করেন নিজাম উদ্দিন।”
আগামীতে বাংলাদেশের সামনে রয়েছে অনেকগুলো হোম সিরিজ। ফলে এই সিরিজটি নির্বিঘ্নে শেষ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ। কোনও ধরনের সমস্যা ছাড়া সিরিজটি শেষ করতে পারলে ভবিষ্যতে অন্যান্য সিরিজগুলো আয়োজনে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন এই বোর্ড কর্তা।
তিনি আরো বলেন, “এটা যদি সবার সহযোগিতায় সফলভাবে করতে পারি সামনের সফরগুলো আয়োজনেও ভূমিকা রাখবে। আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে।”
“ইতোমধ্যে দুইটা আন্তর্জাতিক ইভেন্ট ও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে আমরা পরীক্ষিত টিম, আমি মনে করি। সর্বশেষ টুর্নামেন্ট (ডিপিএল) ১২ দলের ছিল। এটাও সফলভাবে সম্পন্ন করেছি। এর পেছনে আমাদের যে অভিজ্ঞ জনবল তৈরি হয়েছে তা কাজে লাগাচ্ছি এবং আমরা আত্মবিশ্বাসী।”
