অস্ট্রেলিয়ার নির্বাচক পদ থেকে সরে গেলেন হনস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। তবে এর মাঝেই অজিদের নির্বাচক ট্রেভর হনস তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আগস্টে চুক্তির মেয়াদ শেষ হলে নির্বাচকের ক্যারিয়ারের ইতি টানবেন এই সাবেক লেগ স্পিনার।

১৯৯৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে নতুন যাত্রা শুরু হয় হনসের। ৪১ বছর বয়সে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান তিনি। ২০০৫ সাল পর্যন্ত টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন হনস। তার ১০ বছরের নির্বাচকের ক্যারিয়ারের সেই সময়ে অস্ট্রেলিয়া দুইটি বিশ্বকাপ জিতেছিল। ৮ বছর বিরতি দিয়ে আবার অস্ট্রেলিয়া দলের নির্বাচকের চেয়ারে বসেন হনস, ২০১৪ সালে। দফায় দফায় মেয়াদ বৃদ্ধির পরে তার সর্বশেষ চুক্তির মেয়াদ ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত। এরপরে আর চুক্তি নবায়ন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৬৮ বছর বয়সী হনস।

অস্ট্রেলিয়ার জার্সিতে জাতীয় দলের হয়ে বেশ কিছু সময় খেলেছেনও তিনি। ১৯৮৯ সালে ৩৫ বছর বয়সে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক তার। আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য খুব বেশি দীর্ঘ হয়নি তার। খেলেছেন মাত্র ৭টি টেস্ট ম্যাচ। ৭ ম্যাচে তার শিকার ১৭টি উইকেট। সময়ের হিসেবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল মাত্র ৭ মাসের।

বাংলাদেশ সফরে থাকা অজিদের সম্ভাব্য নেতৃত্বের ভার উঠতে যাচ্ছে ম্যাথু ওয়েডের কাধে। যদিও কোচের সাথে বসে এই সিদ্ধান্ত নেবার কথা ছিলো হনসের। তবে এর আগেই নিজের দায়িত্ব থেকে সরে যাবার সিদ্ধান্ত জানান তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »