নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের ঘরোয়া লিগগুলোতে বরাবরই সামর্থের সবটুকু দিয়ে আসছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তবে জাতীয় দলের হয়ে খেলতে নামলেই নিজেকে যেন হারিয়ে ফেলেন তিনি। সর্বশেষ লঙ্কান সিরিজেও নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।
লঙ্কা সফরে কোচের দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড় মনে করছেন, ভারতীয় দলে জায়গা পোক্ত করার জন্য এবারই বড় সুযোগ ছিল তার জন্য কিন্তু তিনি হাতছাড়া করেছেন।
গতকাল চারে নেমে ব্যক্তিগত শূন্য রানে ফিরেছেন স্যামসন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ ও প্রথমটিতে ফিরেছিলেন ২৭ রান করেন তিনি। এতে তিন টি-টোয়েন্টিতে করেন মাত্র ৩৪। যা তার সঙ্গে একেবারেই যায় না বলে মনে করছেন দ্রাবিড়।
ম্যাচ পরবর্তী ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্সে দ্রাবিড় বলেন,’‘সততার সঙ্গে বলছি, এই কন্ডিশনে স্বাচ্ছন্দে ব্যাটিং করা সাঞ্জুর পক্ষে সম্ভব ছিল না। নিঃসন্দেহে, ওয়ানডেতে সুযোগ পেয়েই সে ভালো সম্ভাবনা দেখিয়েছিলো। সে খুব ভালো শুরু করেছিলো। ওই ম্যাচে সে ৪৬ রান করেছিলো। প্রথম টি-টোয়েন্টিতেও সে ভালো ব্যাটিং করেছিলো। শেষ দুই টি-টোয়েন্টিতে উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিলো, তবে হ্যা সে যদি এই সিরিজে ফিরে তাকায় তবে অবশ্যই হতাশ হবে।’’
তবে স্যামসনসহ দলের প্রতিভাবান ক্রিকেটারদের ওপর এখনোই হতাশ হতে রাজি নন দ্রাবিড়। তিনি বলেন,”আরো বলতে চাই, কেবল সাঞ্জু নয়, আমরা এই প্রতিভাবান ছেলেদের ওপর ধৈর্য ধরতে চাই।’’
লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। অনবদ্য বোলিংয়ের জন্য প্রতিপক্ষ দলের এই তরুণের প্রশংসা করতে কার্পণ্য করেননি দ্রাবিড়।
তিনি বলেন,’‘সত্যিকার অর্থে আজ আমরা ভালো ব্যাটিং করিনি এবং সামনে থেকে হাসারাঙ্গা ছিলেন অনবদ্য। এই সিরিজে সে ব্যতিক্রমী পারফর্ম করেছে। আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ৮১ রান তুলেছিলাম। এটা আমাদের জন্য কখনোই ভালো কিংবা যথেষ্ট নয়। কিছু কিছু চ্যালেঞ্জিং কন্ডিশনে আপনাকে লড়াই করতে হয় এবং সংগ্রহকে ১৩০ থেকে ১৪০ এ নিয়ে যেতে হয়। আমার মনে হয় এই সফর থেকে দলের তরুণ ক্রিকেটারটা অনেক কিছু শিখবে।”
