আজ বিকেলে আসছে অস্ট্রেলিয়া-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় পা রাখবে অজি ক্রিকেটাররা। বিশেষ নিরাপত্তায় এয়ারপোর্টে ইমিগ্রেশন কার্য সম্পূর্ণ করে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বে ক্রিকেটার ও স্টাফরা।

আগামী ৩ আগস্ট মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে সফরকারীরা। সিরিজের ব্যাট-বলের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অজিদের একগাদা শর্ত পূরন। অজি ক্রিকেট বোর্ডের লম্বা শর্ত পূরনের দিন শুরু হচ্ছে আজ থেকেই।

অজি বোর্ডের সকল নিরাপত্তা শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে শর্ত পূরন নিয়েও তোড়জোড় শুরু করেছে বিসিবি। অস্ট্রেলিয়ান বোর্ডের চাহিদা অনুযায়ী দুই দলের ক্রিকেটাররা ও ম্যাচ অফিশিয়ালরা পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবে। আর পুরো সিরিজ জুড়ে এই হোটেলে আর কোন অতিথি নেওয়ার সুযোগ থাকবে না হোটেল কর্তৃপক্ষের। এছাড়া মাঠে প্রবেশ করতে পারবে না কোন ব্রডকাস্টিংয়ের ক্যামেরাম্যান ও বাউন্ডারি লাইনের আশেপাশে থাকতে পারবে না কোন মাঠ কর্মী।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল চারটা নাগাদ একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অজি স্কোয়াড। বিমানবন্দরে বিশেষ নিরাপত্তায় ইমিগ্রেশন শেষ করে সরাসরি হোটেলে ফিরে যাবে অজিরা।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »