অস্ট্রেলিয়া সিরিজে গামিনির মাঠে প্রবেশে বিধিনিষেধ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ৩ আগস্ট শুরু হবে স্বাগতিক বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার চাওয়া অনুযায়ী সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। সর্ব সুবিধা বিবেচনা করে হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে নির্বাচন করা হয়েছে।

কিন্তু সিরিজ চলাকালীন সময়ে এই ভেন্যুর প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা সরাসরি কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। শ্রীলঙ্কান এই কিউরেটর দীর্ঘদিন ধরে মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘদিন মিরপুর স্টেডিয়ামে খেলাশূন্য থাকায় গামিনি চলে যান নিজ দেশ শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন গত ২৮ জুলাই। যদিও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ২১ জুলাই থেকেই কোয়ারেন্টিন পালনের কথা ছিল সিরিজ সংশ্লিষ্ট সবার

কোয়ারেন্টিন পালন না করায় ও জৈব সুরক্ষা বলয়ে না থাকায় স্বভাবতই অস্ট্রেলিয়া সিরিজে প্রধান কিউরেটর মাঠে প্রবেশ করতে পারবেন না। মিরপুরের মাঠকর্মীরাও আছেন আলাদা আলাদা সুরক্ষা বলয়ে, তাদের সংস্পর্শেও আসতে পারবেন না গামিনি। বাংলাদেশ বা অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা মাঠে থাকলে গামিনিকে পিচ বিষয়ক নির্দেশনা দিতে হবে নিজের কক্ষ থেকে, ভিডিও কলের মাধ্যমে। তবুও মাঠে প্রবেশের সুযোগ নেই। অনিবার্য কোনো কারণে যদি পিচ সরাসরি দেখতেই হয় গামিনির, তাহলে কমপক্ষে ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

বিসিবির প্রধান চিকিৎসক ও অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষা বলয়ের প্রধান সমন্বয়ক দেবাশীষ চৌধুরী বলেন, ‘গামিনি মিরপুরেই অবস্থান করবে, কিন্তু মাঠে প্রবেশে বিধিনিষেধ থাকবে। এমনকি তার গ্রাউন্ডসম্যানদের সঙ্গেও সে ক্লোজ কন্টাক্টে আসতে পারবে না। যদি বিশেষ কারণে প্রবেশ করাও লাগে তাহলে কমপক্ষে ৫ মিটার দূরে থাকতে হবে। খেলোয়াড়রা মাঠে থাকলে প্রয়োজনে ভিডিওকলে নির্দেশনা দিবে, তবুও মাঠে ঢুকতে পারবে না।’

গামিনির ক্ষেত্রে এসব বিধিনিষেধ আরোপের কারণ ব্যাখ্যা করে দেবাশীষ বলেন, ‘যথাসময়ে বায়োবাবলে প্রবেশ না করার কারণেই এই বিধিনিষেধে পড়তে হল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »