নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসে সংক্রামিত হওয়া ইন্ডিয়ান ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে থাকায় ভারতের প্রায় ৯ জন ক্রিকেটারই ছিলেন আইসোলেশনে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ গঠনে বিপাকে পড়ে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে অভিষেক করাতে হয় নতুন চার ক্রিকেটারকে। ৫ ব্যাটসম্যান আর ৬ বোলার নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত লড়াই করল তারা। শ্রীলঙ্কা জিতলেও লো স্কোরিং ম্যাচের ফয়সালা হয়েছে একদম শেষ ওভারে।
বুধবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রানেই ঘুটিয়ে যায় ভারত। মন্থর উইকেটে মাত্র ২ বল হাতে রেখেই ওই রান তাড়া করে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছে ১-১ সমতা।
৩৪ বলে ৪০ রান করে দলের জয়ে নায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ১৩৩ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই আবিস্কা ফার্নেন্দোকে হারায় শ্রীলঙ্কা। ভুবনেশ্বর কুমারের বলে দলের ১২ রানে রাহুল চাহারের বুদ্ধিদীপ্ত ক্যাচে আটক হন তিনি।
আরেক ওপেনার মিনোদ ভানুকা একাই টানছিলেন। তাকে সঙ্গ দিতে পারেননি সাদেরা সামারাবিক্রমা। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক দাসুন শানাকা নিজেকে উপরে তুলে রান পাননি। কুলদীপ যাদবের টার্নে পরাস্ত হয়ে স্টাম্পিং হয়ে ফেরেন মাত্র ৩ রান করে। থিতু ভানুকাও কুলদীপের শিকার হলে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা।
রানের চাপও তখন বেশ বেড়ে গিয়েছিল। ছয় নাম্বারে নেমে সেই চাপ কমাতে শুরু করেন ভানিন্দু হাসারাঙ্গা। আরেক পাশে আস্থার সঙ্গে টিকে থেকে ভরসা যোগান ধনঞ্জয়া। হাসারাঙ্গা ১১ বলে ১৫ করে ফিরে গেলেও চামিকা করুনারত্নেকে (৬ বলে ১২) নিয়ে কাজ সারেন ধনঞ্জয়া। ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ২ বল আগেই শেষ হয় ম্যাচ।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে ভালো শুরু পেয়েছিল ভারত। অভিষিক্ত ঋতুরাজ গায়োকোয়াড়কে নিয়ে পাওয়ার প্লেও কাজে লাগিয়েছিল অধিনায়ক শেখর ধাওয়ান। কিন্তু এরপরই বদলে যায় খেলা। ১৮ বলে ২১ করে ফেরেন গায়কোয়াড়। ভারতের রানের চাকা যায় থমকে। দেবদূত পাড়িকাল ২৩ বলে ২৯ করলেও ধাওয়ান ছিলেন মন্থর।
৪২ বলে ৪০ করে ধাওয়ানের ফিরে যাওয়ার পর সঞ্জু স্যামসনও রান রান পাননি। পাড়িকাল ফেরেন আগেই। মাত্র ৫ ব্যাটসম্যান থাকায় শেষটাও আর রাঙানো হয়নি ভারতের। নিতিশ রানে শেষ ওভারে আউট হলেও খুব বেশি বল খেলার সুযোগ পাননি।
বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মাঠে নামবে দুদল।
