নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্যই শুরু হয়েছে ইংল্যান্ডে ভিন্ন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। ১০০ বলের এই টুর্নামেন্টে আলোচনার পাশাপাশি সমালোচনাও হচ্ছে। এবার ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার দ্য হান্ড্রেডকে রসকষহীন ক্রিকেট হিসেবে আখ্যায়িত করেছেন।
দ্য হান্ড্রেডে লড়াইটা ভালোই জমজমাট হচ্ছে। কিন্তু ক্রিকেট সমর্থকদের মনে এখনও এই ফরম্যাটের জায়গা করে নিতে পারেনি। আর এ কারণে দ্য হান্ড্রেড নিয়ে মাতামাতিও তুলনামূলক কম।
ভারতের টেস্ট সিরিজে ধারাভাষ্য দিতে ইংল্যান্ডে অবস্থান করা গাভাস্কার তার কলামে লিখেছেন,”টিভিতে এটা দেখে একটি শব্দই মাথায় এসেছে- নিরস। এখানকার ক্রিকেট সাদামাটা। খেলোয়াড়দের ভুল তথ্য নিয়ে সম্প্রচার করা হচ্ছে, এমন যদি উপমহাদেশে হত তাহলে বিদ্রূপ করা হত, বিশেষ করে ইংল্যান্ডের খেলোয়াড়রাই বিদ্রূপ করতেন। ইংল্যান্ডের ট্যাবলয়েডগুলো কি শিরোনাম দিত তা আর না-ই বলি। সাবেক ক্রিকেটাররা দ্য হান্ড্রেডের দর্শকপ্রিয়তা নিয়ে বলতে বলতে পাগল, তবে দলগুলোর পক্ষে নিখাদ সমর্থন এখনও চোখে পড়েনি। হয়ত নতুন এক স্বাদ এনে দিচ্ছে, তবে প্রথম অভিজ্ঞতায় এটা মোটেও দারুণ কোনো টুর্নামেন্ট নয়।’’
তিনি আরো লিখেন,’‘২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাককালাম দুর্দান্ত ইনিংস খেলেছিল। দ্য হান্ড্রেড এখনও এমন কোনো নিদর্শন পায়নি। হয়ত সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিতে আরও কিছুটা সময় নেবে।’’
