নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সৌম্য-শামিমদের দাপুটে ব্যাটিংয়ে ৫ উইকেটের জয়ে সিরিজ জিতে নেয় সফরকারী বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মগে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করার জন্য বাংলাদেশ আগে থেকেই কিছু পরিকল্পনা করেছিল এবং সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারায় জয় এসেছে।
তিনি বলেন, ‘ছেলেরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সবাই দলের জন্য অবদান রেখেছে। সৌম্য যেভাবে ব্যাটিং করেছে, সাকিব যেভাবে ব্যাটিং করেছে- সবার অবদান ছিল। শেষে শামীম তো দুর্দান্ত একটি ইনিংস খেলল। কুইক ফায়ার ইনিংস! সবমিলিয়ে দারুণ ব্যাটিং হয়েছে এবং এটি সম্মিলিত প্রচেষ্টায় এসেছে।’
নিজেদের পরিকল্পনা নিয়ে রিয়াদ বলেন, ‘যখন আপনি ১৯৪ রানের মতো বড় লক্ষ্য তাড়া করবেন, তখন আপনাকে বড় জুটি গড়তে হবে এবং নিয়মিত রান বের করে নিতে হবে। আমরা চেষ্টা করেছি যত কম ডট বল দেওয়া যায় এবং প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছি। এটি আমাদের পরিকল্পনা ছিল। আমরা জুটি গড়ার চেষ্টা করেছি এবং যতটা পারা যায় দ্রুত লক্ষ্যের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।’
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে জিম্বাবুয়ে। মাদেভেরে, চাকাভার ঝড়ে বড় স্কোর সংগ্রহ করে তারা। শেষ দিকে ব্যাটে অনবদ্য ক্যামিও দেখান রায়ান বার্লও। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৫ উইকেটে ১৯৩ রান। বড় লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে শুরুতেও নাইম শেখকে হারায় বাংলাদেশ। তবে সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম হোসেনরা জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছে।
বাংলাদেশ দলের পরবর্তী মিশন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সেটির দিকেই নজর দিচ্ছেন অধিনায়ক রিয়াদ, ‘আরেকটি জৈব সুরক্ষা বলয়ের দিকে তাকিয়ে আছি। এবং তাকিয়ে আছি পরবর্তী সিরিজের দিকে।’ ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।
