টি-টোয়েন্টি সিরিজ জয়ে বিপ্লব কে উৎসর্গ করেন শামীম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের একটি মাত্র ম্যাচ বাদে সবকটি ম্যাচ জয় করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামীম হোসেন। সতীর্থ হিসাবে দলের সদস্য ছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সফররত অবস্থায় বাবার মৃত্যুর সংবাদে দেশে ফিরে যাওয়া এই ক্রিকেটারকেই সিরিজ জয় উৎসর্গ করেছেন অলরাউন্ডার শামীম হোসেন।

টি-টোয়েন্টি সিরিজ খেলার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ে সফর করেন বিপ্লব। যদিও, সিরিজের প্রথম ম্যাচের একাদশে তিনি ছিলেন না। দ্বিতীয় ম্যাচের আগেই খবর পান, ঢাকায় তার বাবা ইন্তেকাল করেছেন। পরদিন সকালেই দেশে ফিরেন তরুণ এই ক্রিকেটার। বিপ্লবের বাবার মৃত্যুতে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে কালো ব্যাজ পরে খেলতে নেমেছিল। শোক প্রকাশ করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলও।

টি-টোয়েন্টি সিরিজ শেষে শামীম জানিয়েছেন এই ম্যাচ জয় তিনি উৎসর্গ করেছেন বিপ্লবকে। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনাও করেছেন শামীম। এছাড়া সাকিব আল হাসানের সাথে একইসাথে সিরিজ খেলতে পেরে এবং সিরিজ জয় করতে পেরে নিজের খুশিরও বহিঃপ্রকাশ করেছেন দলের তরুন এই ক্রিকেটার।

শামীম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার অভিষেকের পর প্রথম সিরিজেই জয় পেলাম। সাকিব ভাইয়ের সাথে একটি আন্তর্জাতিক সিরিজ জেতায় গর্ব হচ্ছে। আশা করছি, আমার সেরাটা দিতে পারব, ইনশাআল্লাহ। (সিরিজ জয়) বিশেষভাবে উৎসর্গ করছি আমিনুল ইসলাম বিপ্লবকে। আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আপনার বাবাকে জান্নাতবাসী করুন।’

প্রসঙ্গত, তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৯৩ রান। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »