ম্যাচ হেরেও অধিনায়কের প্রসংশায় ভাসছেন শামীম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দেশের ঘরোয়া ক্রিকেট দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন চাদপুরের ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। পর্যায়ক্রমে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে পা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে গতকাল শুক্রবার (২৩ জুলাই) জাতীয় দলে নিজের প্রথম ম্যাচ খেলেন তরুন এই ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই প্রমান দিয়েছেন শামীম। দল হেরে গেলেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তিনি। আগের ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে যে অসাধারণ ক্যাচ ধরেছিলেন, তাতেই প্রশংসার জোগান দিয়েছেন। অভিষেক ম্যাচে দল হারলেও শামীমকে প্রশংসা বঞ্চিত থাকতে হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলেন শামীম। প্রবল চাপের মুখে তিনি যখন ব্যাট করছিলেন, মনে হচ্ছিল জয়টা চিনিয়ে আনা সম্ভব। ৩টি চার আর ২টি ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফেরায় জয় এনে দিতে পারেননি, তবে তাতেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মন জয় করে নিয়েছেন।

টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে অধিনায়ক রিয়াদ বলেন, ‘শামীম বাংলাদেশের ক্রিকেটে অসাধারণ ট্যালেন্ট। আমি মনে করি আজ ওর অভিষেক ভালো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি। তবে ব্যাটসম্যান হিসেবে শামীম খুব ভালো করেছে।’

রিয়াদ মনে করছেন, শামীমের ইনিংস আরও দীর্ঘায়িত হলে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষেও থাকতে পারত। তিনি বলেন, ‘শেষ করে আসতে পারলে ওরও ভালো লাগত দলেরও কাজে লাগত। একটা ওভার বোলিংও করেছে। আমি মনে করি সে দারুণ একজন অলরাউন্ডার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »