নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মূলত বোলার হিসেবে কার্যকরী অবদান রাখলেও অলরাউন্ডার হিসেবেই পরিচিত মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করে জয় পেতে সাকিবকে যোগ্য সমর্থন করেন সাইফউদ্দিন। আসলে ব্যাট করে দলের জয়ে অবদানের ক্ষেত্রে সুযোগ হয়ে ওঠেনা তার। তবে এবার সুযোগ পেয়েই কার্যকরী ভূমিকা পালন করলেন সাইফ।
সিরিজের শেষ ওয়ানডেতে ২৮ রানে অপরাজিত থেকে দলকে জয় পেতে সাহায্য করেন তিনি। এখন পর্যন্ত তার খেলা ২৮ ম্যাচের ৯টিতেই ব্যাট করার সুযোগ পাননি এই অলরাউন্ডার। বাকি ১৯ ম্যাচের ৯টিতে ছিলেন অপরাজিত। আর বাকি ১০ ম্যাচে আউট হয়েছেন। তার মধ্যে একটিতে ৫০, একটিতে ৪৪ এবং আর একটিতে ৪০ রানে আউট হয়েছিলেন। যতবার সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন নিজের সেরাটা দিয়ে প্রমাণ করার।
ম্যাচ শেষে সাইফউদ্দিন তাই জানালেন, ব্যাটিং সামর্থ্য যে তার আছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার কিছুটা হলেও দেখাতে পেরেছেন। তিনি বলেন, ‘সুযোগ সবসময় আসে না। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারিনি, সেই চেষ্টা ছিল। অবশ্যই চাইব না সবাই আউট হয়ে যাক আর আমার সুযোগ আসুক। তবে কাল নিজের সামর্থ্য কিছুটা হলেও দেখাতে পেরেছি। দল আমার ছোট্ট অবদানে জিতেছে, এতেই আমি সবচেয়ে বেশি আনন্দিত।’
৪১ রানের অল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৭৫ রানে যখন দলের ৭ উইকেট নেই তখনো ঠায় দাঁড়িয়ে সাকিব আল হাসান। তার সাথে যুক্ত হয়ে ৬৯ রানের অনবদ্য এক জুটির পথে জয় ছিনিয়ে আনেন সাইফউদ্দিন।
সাইফউদ্দিন বলেন, ‘আমি ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শুরু করি। এর চেয়েও অনেক চাপের মুখে ব্যাট করেছি। ফেনীর হয়ে বয়সভিত্তিকে খেলার সময় দেখা যেত ৪০ রানের মধ্যে ৫-৬ উইকেট পড়ে যেত, এরপর এক প্রান্ত থেকে এক এক করে খেলে ২০০ রান করতাম। চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিকে খেলার সময় চাপের মুহূর্ত সামলেছি।’
