নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল (২০ জুলাই) সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ।ইতিমধ্যেই একমাত্র টেস্টের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে প্রত্যয়ী বাংলাদেশ দল।
শেষ ম্যাচের আগের দিন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানান, আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের কথা মাথায় রেখে শেষ ম্যাচকেও সমান গুরুত্বের সাথে দেখছে দল। তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। অধিনায়ক তামিম ইকবাল ভাই চোট নিয়ে এই সিরিজ খেলছে কারণ সুপার লিগে পয়েন্টের ব্যাপার আছে। প্রত্যেক খেলোয়াড়ই এটা মাথায় রেখে গুরুত্ব সহকারে খেলছে।’
জিম্বাবুয়েকে তাই হালকাভাবে নিতে নারাজ সাইফউদ্দিন। তিনি জানালেন, হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’
৩য় ম্যাচেও ক্লান্তি ছাপিয়ে জয় পেতে মরিয়া বাংলাদেশ দল। সাইফউদ্দিন বলেন তবুও অনুশীলনে সর্বোচ্চটা দিচ্ছেন দলের সবাই।
সাইফউদ্দিন বলেন, ‘মাত্র ২৫ দিনে ১৬টা ম্যাচ খেলেছি, লম্বা সফর করে এখানে আসলাম- শরীরের ওপর একটু ধকল গিয়েছে। গতকাল ম্যাচ গিয়েছে, তবু দিনভর ঘুমানোর সুযোগ নেই। সকালে নাস্তা করে এসে জিম করে নিয়েছি।’
‘সামনে অনেক খেলা আছে। বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ফিট রাখতে হবে। পারফরম্যান্স হয়ত একদিন হবে একদিন হবে না। কিন্তু ফিট থাকলে কামব্যাক করতে পারব। ফিটনেস নিয়ে প্রত্যেক খেলোয়াড় সকাল বিকাল কাজ করছে।’
