সাকিব ভাইয়ের সাথে জুটি গড়ে জেতানোর স্বপ্ন ছিল- সাইফউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট খেলার শুরুর থেকেই স্বপ্ন সাকিব আল হাসানের সাথে ব্যাটিং করে জুটি গড়ে বাংলাদেশ দলকে জেতানোর। স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ ধারণ করেছে তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাকিবের সাথে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে সিরিজ জেতানোর পরদিন এমন মন্তব্য করেন তিনি।

গতকাল রবিবার (১৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ দিকে সাকিবের সাথে দলের হাল ধরেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বোলারদের মোকাবেলা করে ধীরে ধীরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

ম্যাচ জয়ের পরদিন আজ সাইফউদ্দিন জানালেন সাকিবের সঙ্গে থেকে ব্যাট হাতে দলকে জেতানোর অনুভূতি। তিনি বলেন,”তখন ৭০ রানের মত দরকার ছিল। সত্যি বলতে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সাকিব ভাইয়ের সাথে পার্টনারশিপ গড়ে দলকে জেতানো। আগেও হয়ত কয়েকবার বলেছি। সুযোগটা কাল এসেছে। স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।’’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার অভিপ্রায়ে লোভ সংবরণ করে থাকতে হয়েছে সাইফউদ্দিনকে। তিনি বলেন,’‘অনেক সময় লুজ পেয়েছি কিন্তু দলের প্রয়োজনে ডট দিতে হয়েছে, বড় শট খেলিনি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের চেষ্টা করেছি। সাকিব ভাই যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে। এজন্য আমার কাজ সহজ হয়েছে। যেহেতু সাকিব ভাই ক্রিজে ছিল, আত্মবিশ্বাস ছিল- বেশি ডট না খেলে সিঙ্গেল নিয়ে ম্যাচ ছোট করতে পারলে ফলাফল পক্ষে আসবে।’’

গতকাল ম্যাচ শেষে ৯৬ রানে অপরাজিত থাকা সাকিব ২৮ রান করা সাইফউদ্দিনের প্রশংসা করতে ভুলেননি। সাইফউদ্দিন নিজেও বুঝতে পারছেন, ক্রিকেট মাঠে দলের জয়  ছোট ইনিংসও রাখতে পারে বড় অবদান।

তিনি বলেন,”অন্যান্য খেলার চেয়ে ক্রিকেট বেশিরভাগ অংশেই দলীয় খেলা। ছোট ছোট পার্টনারশিপ, ছোট ছোট অবদান দলের জয়ে বেশ ভূমিকা রাখে। গত দুই ম্যাচে তাই হয়েছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »