ইনজেকশন নিয়ে পুরো সিরিজে খেলেছেন স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড মূল দলে করোনার আঘাত হানায় সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সেই দলকে আইসোলেশনে যেতে হয়। যে কারণে বেন স্টোকসকে অধিনায়ক করে তিন ম্যাচের নতুন ওয়ানডে দল গঠন করে ইংলিশরা। তবে পুরো সিরিজ জুড়েই আঙুলের চোটে নিয়ে খেলে গেছেন স্টোকস।

প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব পেয়েই দারুণ সফল স্টোকস। দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন ৩-০ ব্যবধানে। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালের হয়ে খেলার সময় বাম হাতের একটি আঙুল ভেঙে যায় স্টোকসের। এরপর দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি।

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই বহুল আকাঙ্ক্ষিত ব্যাপার। তাই ইঞ্জুরি নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর এ লেখা নিজের কলামে স্টোকস বলেন,’‘এটা আমার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা সিরিজ ছিল। সত্যি বলতে, আমার বাম হাতে যে পরিমাণ ব্যথা ছিল, সাধারণ পরিস্থিতিতে আমি কখনই খেলতাম না। আইপিএলে আঙুল ভাঙার পর অস্ত্রোপচার সফল হয়েছিল। কিন্তু তখনও বেশ ব্যথা ছিল।মাঝেমধ্যে কেবল হাসিমুখে এসব সহ্য করতে যায়। এবং ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা তেমনই একটি কারণ। বলতে গেলে, আঘাত পাওয়া আঙ্গুলটি সেরে গেছে। কিন্তু প্রচন্ড ব্যথা ছিল, তাই গ্রীষ্মকালীন মৌসুমের বাকি সময় ব্যথা কমানোর জন্য আমাকে ইনজেকশন নিতে হয়েছে।’’

পুরোপুরি চোট কাটিয়ে দ্য হান্ড্রেড ও আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামতে চান এই অলরাউন্ডার।

তিনি জানান,”আমি এখন খানিকটা বিশ্রাম পেয়েছি যা স্টেরয়েডকে কাজ করার সময় দেবে এবং দ্য হান্ড্রেড ও ভারতের বিপক্ষে ব্যথামুক্তভাবে খেলতে পারব। আপাতত দ্য হান্ড্রেডে কিছু ম্যাচ খেলার পরিকল্পনা করছি। আশা করছি, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আঙুলে সমস্যা করবে না। সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা সবাই ভালো পারফর্ম করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »