কোনও ফরম্যাটকেই আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না ভুবনেশ্বর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ভুবনেশ্বর কুমার। নিয়মিত পারফরম্যান্স করে নিজেকে সবার চেয়ে আলাদা করে প্রমান করেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন হলো টেস্ট ক্রিকেটে জায়গা মিলছে না এই বোলারের। দেশের হয়ে ২০১৮ সালে সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি।

এর মাঝে কয়েকবার টেস্ট দলে তার প্রয়োজন বোধ করেছিলেন অনেকেই। কিন্তু চোটের কারণে আর ফেরা হয়নি। কিছুটা চোট প্রবনতা বেশি থাকার কারনেও এই ফরম্যাটে ফেরা হচ্ছে না তার। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন সংক্ষিপ্ত সংস্কণে নিজের সেরাটা দিতেই কি টেস্ট ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভুবনেশ্বর?

আগের মতই এই প্রশ্নের উত্তর উড়িয়ে দিয়েছেন এই সুইং বোলার। তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত তিনি। যেখানে তাঁর কাছে সাদা বা লাল বলের কোন ফরম্যাটের বাড়তি অগ্রাধিকার নেই। স্কোয়াডে ডাক পেলে যেকোন ফরম্যাটেই খেলতে চান এই পেসার।

ভুবনেশ্বর বলেন, “সত্যি বলতে সাদা বল কিংবা লাল বল আমার কাছে আলাদা কোন অগ্রাধিকার নেই। আমি যদি লাল বলের জন্য নির্বাচিত হই তাহলে অবশ্যই আমি অবদান রাখার চেষ্টা করব। কিন্তু আমার কাছে সাদা বলের ক্রিকেট কিংবা লাল বলের ক্রিকেটের আলাদা কোন অগ্রাধিকার নেই।”

তিনি আরও বলেন, “আমি স্বাভাবিকভাবেই আমার কাজটা করছি এবং নিজেকে সব ফরম্যাটের জন্য প্রস্তুত রাখছি। আমি যে কোন ফরম্যাটেই সুযোগ পাই না কেন আমি অবদান রাখার চেষ্টা করব। আমি ১৮-২০ মাস এগিয়ে যেতে চাই না বা ভাবতে চাই না। কিন্তু অবশ্যই সব ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত রাখবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »