নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল-সাকিব আল হাসান। তবে সিনিয়দের এমন ব্যর্থতার দিনেও আলো ছড়িয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুবর মতো তরুণ দুই ক্রিকেটার।
প্রথম ওয়ানডেতে তরুণরা দলের হাল ধরায় তাদের উপর খুশি বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের আগে তামিম জানিয়েছেন, তরুণদের কাছে থেকে তিনি এমন পারফরম্যান্সই আশা করেন।
এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় তামিম বলেন,’‘একটা পর্যায়ে খুব বিপদে ছিলাম। একটা কথা সব সময় বলি, তরুণদের পারফর্ম করতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়। আমরাও বলেছি। কাল এক্ষেত্রে আদর্শ ম্যাচ ছিল। যেখানে লিটন বেশ দায়িত্ব নিয়ে একটা ইনিংস খেলেছে। আর সবসময় ১০০ বা ৫০ নিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ।’’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন,’‘আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে ওই ইনিংসটা না খেললে ২৭০ রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। আমার কাছে মনে হয় এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ। যেটা আমি পছন্দ করি।”
