নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়ার পিচে সাকিব আল হাসান কতটা ভয়ংকর সেটা কমবেশি সবারই জানা। তবে যখন উইকেট স্পিনারদের পক্ষে না থাকে তখনও সাকিব যে কত বড় হুমকি, সেটা কাল আবার প্রমাণ করলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৫৫ রানের জয় পেয়েছে। এমন বড় জয়ের দিনে সাকিব একাই শিকার করেছেন ৫ উইকেট। গতকাল সাকিব উইকেট থেকে সুবিধা পেলেও অন্য স্পিনাররা এখানে খুব একটা সুফল পাননি।
ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস জানান, উইকেট পেস বান্ধব হলেও সেখান থেকে সুবিধা পান সাকিব।
লিটন বলেন,’‘সাকিব ভাই তো আসলে বিশ্বমানের বোলার, এতে কোনো সন্দেহ নেই, সবাই জানে। উনি স্পিন উইকেট থেকেও সহায়তা পায়, উইকেটে স্পিন না থাকলেও সহায়তা পায়। উনার বোলিংয়ের বৈচিত্র্যই এমন। পেস বান্ধব উইকেটেও তিনি এভাবে উইকেট শিকার করেছেন এটা দলের জন্য খুবই ভালো।’’
লিটন শতক হাঁকিয়ে জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা কার্যকর করেছেন সাকিব, বল হাতে। তাই লিটনের চাওয়া, সাকিব যেন এভাবে আরও উইকেট দিয়ে যায়।
লিটন বলেন,’‘উনার অর্জনের জন্য অভিনন্দন। মন থেকে চাই উনি আরও উইকেট পাক। উনি উইকেট পেলে দলের চাপ কমে যায়, দল লাভবান হয়।”
