উইকেটে থিতু হতে পেরেই লিটনের সাফল্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। লিটন দাশে সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে উঠে এসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ দল। ম্যাচ শেষে লিটন জানিয়েছেন প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে তার আরও একটি সাফল্যের রহস্য।

শুরুতেই উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ। একপ্রান্তে লিটন আগলে রাখলেও তামিমের ডাকের পর সাকিব, মিথুন, মোসাদ্দেকরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শুরুর দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল বলেই হয়তো এমনটি হয়েছে। তবে তাতে ব্যাটসম্যানদেরও যে দায় আছে সেটা স্পষ্ট।

সেট হয়ে বড় রান করতে পেরে বেশ খুশি ওপেনার লিটন দাশ। শুরুর ১৫-২০ ওভার টিকে থাকাকে বড় চ্যালেঞ্জ মনে করেছেন তিনি। ম্যাচসেরা এই ক্রিকেটার বলেন, ‘আমি খুবই খুশি। প্রথমে উইকেট বোলারদের সহায়তা করেছে। তবে প্রথম ১৫ থেকে ২০ ওভার আমি ভালোভাবেই আয়ত্ত্বে নিতে পেরেছি। তারপরে উইকেট ব্যাটিং করার জন্য উপযুক্ত হতে শুরু করে। তখন বেশ সহজ হয়ে যায়।’

৫ম উইকেটে রিয়াদের কাছ থেকে পাওয়া উপদেশ কাজে লাগিয়েই বড় সাফল্য পান লিটন। এমন একজন সিনিয়র ক্রিকেটারকে পাশে পেয়ে সেটি কাজে লাগিয়েছেন তিনি।
লিটন বলেন, ‘যখন আপনার পাশে একজন সিনিয়র ক্রিকেটার থাকবে, তখন আপনি একটু বেশি সুবিধা পাবেন। মাহমুদউল্লাহ ভাই আমাকে সেই সমর্থন দিয়েছেন এবং সেটি আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল।’

ব্যাটিংয়ের সময় ব্যথা পেয়েছিলেন লিটন। তাই পুরো ম্যাচেই তার বদলে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। নিজের পরিস্থিতি সম্পর্কেও সুখবর দিয়েছেন লিটন, ‘আমি ভালো আছি। আগামীকাল আরেকটু উন্নতি হলেই ঠিক হয়ে যাব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »