নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাত এবং ওমানের মাঠে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে দুই রাউন্ডে। প্রথম রাউন্ডে খেলা ৮ দল আবার খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। সেখান থেকে দুই গ্রুপ থেকে চারটি দল খেলবে চুড়ান্ত রাউন্ডে।
প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে বি গ্রুপে। মাহমুদউল্লাহ রিয়াদদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান। এ গ্রুপে আছে ফেবারিট শ্রীলঙ্কার সাথে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
প্রতি গ্রুপ থেকে দুটি করে দল অংশ নিবে সুপার টুয়েলভ রাউন্ডে। সেখানে গ্রুপ-১ এ আছে ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ২-এ আছে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় তবে খেলতে হবে গ্রুপ-২ এ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। রানার্স আপ হয়ে কোয়ালিফাই করলে প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ।
পূর্বনির্ধারিত সূচী অনুসারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবার কথা ছিল ভারতে। তবে সেখানকার করোনা মহামারি চুড়ান্ত রুপ ধারণ করায় বিশ্বকাপ স্থানান্তর করা হয়েছে আরব আমিরাতে।
এ বিষয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, “গ্রুপ ঘোষণার মাধ্যমে বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেল। দুটি গ্রুপকে আলাদা করা খুবই কঠিন। ছোট সংস্করণে প্রতিটি দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চমকের জন্য পরিচিত। সবাইকেই সে জন্য প্রস্তুত থাকতে হবে। আমি নিশ্চিত বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাবো।”
