নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কাল থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইনজুরিতে মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এমনকি এই সিরিজেও খেলতে পারবেন কিনা সেটা সন্দিহান। এর মধ্যে পারিবারিক কারণে হটাৎ করেই দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। সব মিলিয়ে দুই সেরা খেলোয়াড়কে দলে পাচ্ছে না টাইগাররা। এদিকে মুশফিক না থাকায় জোরালো সম্ভাবনা আছে নুরুল হাসান সোহানের দলের সুযোগ পাবার।
যদিও সিরিজ শুরুর আগের দিন সোহানের একাদশে থাকার নিশ্চয়তা দিতে পারেননি তামিম ইকবাল। তবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, সোহান একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সোহান অত্যন্ত ভালো করেছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে। একাদশে জায়গা হবে কি হবে না বলতে পারব না। তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার।’
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নুরুল হাসান সোহান। এর আগে বেশ কয়েক টুর্নামেন্টেই নজরকাঁড়া পারফরম্যান্স করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর বদৌলতেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিশ্বাস করেন, সোহান সুযোগ পেলে ভালো করবে। এবং তিনি চান সোহান একাদশে থাকুক। এদিকে মোসাদ্দেকের সাথে সোহানের দলের থাকার সম্ভাবনাও আছে।
তামিম বলেন, ‘সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে সেখানে জায়গা থাকলে অবশ্যই… তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। সে যেভাবে ট্রেনিং করছে তা দারুণ। যেকোনো অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে।’
মুস্তাফিজ-মুশফিকদের ছাড়া দল যাতে বিপদে না পড়ে সেদিক মাথায় রেখেই সম্ভাব্য সেরা একাদশ সাজাতে চান তামিম। তিনি বলেন, ‘দলে ইতিবাচক ভাইব নিয়ে এসেছে। আমাদের সম্ভাব্য সেরা একাদশই গড়তে হবে। মুস্তাফিজ না থাকলে আমরা দুইজন মূল খেলোয়াড় পাবো না। এটা মাথায় রেখে সেরা একাদশই সাজাতে হবে।’
